২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে একটি ইউপি'র নির্বাচন স্থগিত

উচ্চ আদালত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 05:46 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চাঁদপুর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে দিয়েছে। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফ পন্ডিতের একটি রিট আবেদনের পরিপ্রেতিক্ষতে বুধবার বিচারপতি শামীম হাসনাইন ও আবু বকর সিদ্দিকের বেঞ্চ এ আদেশ দেয়। বৃহস্পতিবার উপজেলার অন্য ইউনিয়নগুলোর সঙ্গে এখানে নির্বাচন হওয়ার কথা ছিল। জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, হাইকোর্ট ওই ইউনিয়নের নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। বুধবার সন্ধ্যায় এ ব্যাপারে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দু'টি ফ্যাক্স বার্তা পেয়েছেন বলে জেলা জানান নির্বাচন কর্মকর্তা। জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা বলেন, ইতোমধ্যে ওই ইউনিয়নে নির্বাচনী সরঞ্জামসহ কর্মকর্তাদের পাঠানো হয়েছিল। আদালত ভোট গ্রহণ স্থগিত রাখার নির্দেশ দেওয়ায় কর্মকর্তাদের ওই এলাকা থেকে ফিরিয়ে আনা হয়েছে। ২০০২ সালে গোলযোগের কারণে উপজেলার ১৪ নম্বর দক্ষিণ ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল বাতিল হয়। এ নিয়ে মামলা হলে পার হয়ে যায় ৮ বছর। গত বছরের সেপ্টেম্বর মাসে ওই কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ফলে আব্দুল লতিফ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পূর্ণ ৫ বছর ক্ষমতায় থাকার আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২১ ঘ.