২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপি এলে তত্ত্বাবধায়ক নিয়ে নতুন সিদ্ধান্ত'

সৈয়দা সাজেদা চৌধুরী জানিয়েছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বিরোধী দল সংসদে প্রস্তাব দিলে নতুন করে সিদ্ধান্তে পৌঁছানোর পক্ষে মত দিয়েছে সংবিধান সংশোধন কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দা সাজেদা চৌধুরী জানিয়েছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বিরোধী দল সংসদে প্রস্তাব দিলে নতুন করে সিদ্ধান্তে পৌঁছানোর পক্ষে মত দিয়েছে সংবিধান সংশোধন কমিটি। বুধবার জাতীয় সংসদে সংবিধানে সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপনের সময় এ কথা জানান বিশেষ কমিটির চেয়ারম্যান সাজেদা। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বিরোধী দল সংসদে এসে প্রস্তাব দিলে নতুনভাবে আলোচনা শুরু করে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে বলে কমিটি মত দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির সুপারিশসহ সংবিধান সংশোধন প্রতিবেদন রাত পৌনে ৮টার দিকে সংসদে উপস্থাপন শুরু করেন সাজেদা। এ সময় স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশনে উপস্থিত ছিলেন। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির ১৫ সদস্যের স্বাক্ষরসহ ৪০ পৃষ্ঠার ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিশেষ কমিটির ৫১টি সুপারিশের মধ্যে তিনটি বিষয় (বিছমিল্লাহ রাখা.., রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতি- ১, ৩ ও ১৭ নম্বর সুপারিশ) নিয়ে দুই সদস্যের আপত্তিসহ এ প্রতিবেদন উপস্থাপিত হয়। কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত গত ৫ জুন সাংবাদিকদের জানান, সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ চূড়ান্ত হয়েছে। ৮ জুনের মধ্যে তা সংসদে উপস্থাপন করা হবে বলেও সেদিন জানান সুরঞ্জিত। বিরোধী দলের বিষয়ে এখনো আশাবাদ সংবিধান সংশোধনের আলোচনায় এখনো বিরোধী দল সংসদে এসে আলোচনায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন সাজেদা চৌধুরী। সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বলেন, এ দেশটি আমাদের সবার, আর এ সংবিধান এ দেশের জনগণের। জনগণকে অবহিত রেখেই সংবিধান সংশোধনের কাজটি করা উচিত বলে কমিটির সদস্যরা বিশ্বাস করেন। বিরোধীদলীয় নেতার উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা আশা করেছিলাম, সংসদ নেতা সংবিধান সংশোধন করার যে উদ্যোগ গ্রহণ করেছেন তাতে বিরোধী দল সাড়া দেবেন। কমিটিকে তিনি এবং তার দলের শীর্ষ নেতারা প্রস্তাব ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। কিন্তু তিনি বৈঠকে উপস্থিত হন নি, এমনকি বৈঠকে প্রতিনিধিও পাঠাননি। "জাতি এখনো আশা করছে, বিরোধীদলীয় নেতা ও তার দলের সদস্যরা সংসদে উপস্থিত হয়ে সংবিধান সংশোধন আলোচনায় অংশগ্রহণ করে সুষ্ঠু রাজনৈতিক ধারার বিকাশে মূল্যবান অবদান রাখবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০০৭ ঘ.