মাগুরা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মাগুরা সদর থানা পুলিশ রাজবাড়ী জেলার শিবরামপুর গ্রাম থেকে আমিরুল ইসলাম (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
বুধবার দুপুরে তাকে মাগুরা সদর থানায় আনা হয়। আমিরুলের বাড়ি মাগুরার মহম্মদপুরের বেথুলিয়া গ্রামে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুন্নাহার কুমকুম বলেন, রোববার রাতে বেথুলিয়া গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী কবিতা বেগম (২০) ও মেয়ে জামিলা (৫) খুন হয়। পরদিন কবিতার বাবা রফিক মোল্লা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এসআই নাজমুন্নাহার জানান, পুলিশের কাছে আমিরুল স্ত্রী ও মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন।
পুলিশকে আমিরুল জানায়, সাত বছর আগে শালিখা উপজেলার নাঘোসা গ্রামের কবিতার সঙ্গে তার বিয়ে হয়। মাদকাসক্ত হওয়ায় কবিতার পরিবার নয় মাস আগে তাকে ছাড়িয়ে নেয়। ২০ দিন আগে আবার কবিতাকে বিয়ে করে ঝিনাইদহের বড়বাড়ি বগুড়া গ্রামে আত্মীয়ের বাড়িতে ওঠে।
ঘটনার দিন (রোববার) কবিতার বাড়ি থেকে কাপড় আনা নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটির জেরে আমিরুল ইট দিয়ে কবিতার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনা দেখে ফেলায় মেয়ে জামিলাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায় আমিরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১২ ঘ.
bdnews24