২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৮৭ নেতাকর্মীর আগাম জামিন

হরতালের দিন ঢাকা ও কক্সবাজারে হওয়া তিন মামলায় বিএনপির ৮৭ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দিন ঢাকা ও কক্সবাজারে হওয়া তিন মামলায় বিএনপির ৮৭ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের বেঞ্চে পৃথক আবেদনে এই জামিন মঞ্জুর করা হয়। এর মধ্যে ঢাকার লালবাগ থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, যুবদল কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলীসহ ২৬ জনকে জামিন দেওয়া হয়েছে। গাড়ি পোড়ানোর অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিলো। এছাড়া কক্সবাজারের টেকনাফ থানায় হওয়া অপর দুই মামলায় আরো ৬১ জনকে জামিন দেওয়া হয়। এর মধ্যে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের একটি মামলার ৩২ আসামির মধ্যে ২২ জন নারী রয়েছেন। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা অপর মামলায় বাকি ২৯ জন জামিন পেয়েছেন। আদালতে জামিন প্রার্থীদের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া। গত রোববার বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৭০৩ ঘ.