২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমের জন্য...

ভোটের 'অত্যাচারে' শেষমেশ নওগাঁর একটি আদিবাসী পাড়ায় প্রার্থী ও কর্মী-সমর্থকদের আনাগোনা নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, এ সংক্রান্ত একটি ব্যানারও ঝুলিয়ে দিয়েছেন আদিবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

নওগাঁ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটের 'অত্যাচারে' শেষমেশ নওগাঁর একটি আদিবাসী পাড়ায় প্রার্থী ও কর্মী-সমর্থকদের আনাগোনা নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, এ সংক্রান্ত একটি ব্যানারও ঝুলিয়ে দিয়েছেন আদিবাসীরা। পোরশা উপজেলার সহড়ন্দ গ্রামের আমনারায়ণ পাড়ায় ঢুকতেই আদিবাসীদের ওই ব্যানার চোখে পড়ে। ব্যানারে লেখা রয়েছে- 'আদিবাসী পাড়ায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রার্থী ও কর্মী-সমর্থকদের প্রবেশ নিষেধ'। ১৪ জুন পোরশা ইউনিয়নের ছয়টি ইউনিয়নে নির্বাচনের তারিখ রয়েছে। এ ব্যাপারে ওই পাড়ার ভুলেন মরমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোট লেগে আমাদের ঘুম, শান্তি সব বিনষ্ট হচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষ। সারা দিন মাঠে কাজ করে সন্ধ্যায় দুটো খেয়ে ঘুমোতে যাই। আর এ সময় শুরু হয় বিভিন্ন প্রার্থী ও কর্মী-সমর্থকদের আনাগোনা।" "তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ভোট চাইতে একের পর এক আসতেই থাকেন। এতে আমরা শান্তিমতো ঘুমোতেও পারছি না", যোগ করেন আরেক আদিবাসী সমরু উরাও। ব্যানার লাগানোর বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানান, পাড়ার সবার সম্মতিক্রমেই এ ব্যানার ঝোলানো হয়েছে। ওই নিষেধাজ্ঞায় কতটুকু কাজ হচ্ছে- এমন প্রশ্নের জবাবে আদিবাসী বাহাদুর মরমু জানালেন, ভোটের আগেই যদি শান্তি চলে যায়, পরে শান্তি আসবে কোত্থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৭০০ ঘ.