রংপুর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণনার পর ফল স্থগিত করায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় জনতা-পুলিশ সংঘর্ষে পুলিশসহ অন্তত একশ' আহত হয়েছে।
মঙ্গলবার রামনাথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পুলিশের কয়েক সদস্যের নাম জানা গেছে। এরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক ফজলুল হক, নায়েক কালিদাশ, কনস্টেবল প্রিয়লাল বাবু ও রুহুল আমিন। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফল ঘোষণা স্থগিতের বিষয়টি স্বীকার করলেও সংর্ঘষ বিষয়ে কিছু বলতে রাজি হননি পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ। সংশ্লিষ্ট থানার ওসিকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
রংপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত ইন্সপেক্টর বজলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়নের বটেরঘর, খেজমতপুর, উজিরপুর ও আব্দুল্লাহপুর কেন্দ্রে বিকালে ভোট গণনার পর দেখা যায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন প্রতিপক্ষ সাদেক মাস্টারের চেয়ে বেশি ভোট পান।
এতে সাদেক মাস্টারের সমর্থকরা আবার গণনার দাবি জানালে প্রতিপক্ষের বাধার মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ অবস্থায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ ওই চার কেন্দ্রের ফল স্থগিত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা বলেন, এতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে।
সংঘর্ষে শতাধিক আহত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/০০০৮ ঘ.
bdnews24