চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষককে পৃথক ঘটনায় লিখিতভাবে সতর্ক করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া শিক্ষককে তালাবদ্ধ করে রাখার ঘটনায় চবি ছাত্রলীগ নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
চবি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন এতে সভাপতিত্ব করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
উপাচার্য জানান, নৃ-বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত একই বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমানকে লিখিতভাবে সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১০ সালের ৯ অগাস্ট নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ওই ঘটনায় ছাত্রীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ২০০৯ সালে তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর অশিকুর রহমান ওই ছাত্রীকে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেন।
এদিকে বিভাগে ভাঙচুর ও শিক্ষার্থীদের আন্দোলনে ইন্ধন যোগানোসহ বিভিন্ন অভিযোগে প্রাচ্য ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্তিকণা মজুমদারকে ও অননুমোদিত ছুটি কাটানোয় আধুনিক ভাষা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক সোহেল আহমেদ চৌধুরীকেও লিখিতভাবে সতর্ক করার সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায়।
এছাড়া সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরীকে তার কক্ষে তালাবদ্ধ করে রাখার ঘটনায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি তানিয়া আফসার চম্পাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
সমাজতত্ত্ব বিভাগে শিক্ষক নিয়োগ নিয়ে ২০১০ সালের ৭ মার্চ অধ্যাপক হাসানুজ্জামানকে তার কক্ষে তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটে।
চবি প্রক্টর আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে শোকজ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24