২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসিতে কর্মকর্তা পদে পদোন্নতিতে স্থগিতাদেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) রাজস্ব সার্কেলের পুনর্বিন্যাস, পুনর্বিন্যাসের আগে পদায়ন ও গ্রেডেশন লিস্ট (জ্যেষ্ঠতা তালিকা) অমান্য করে কর্মকর্তা পদে পদোন্নতিতে হাই কোর্ট স্থগিতাদেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) রাজস্ব সার্কেলের পুনর্বিন্যাস, পুনর্বিন্যাসের আগে পদায়ন ও গ্রেডেশন লিস্ট (জ্যেষ্ঠতা তালিকা) অমান্য করে কর্মকর্তা পদে পদোন্নতিতে হাই কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। সিসিসি'র কর আদায়কারী রতন ভট্টাচার্য ও ডেপুটি ট্যাক্সেশন অফিসার দবির আলমের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সৌমেন্দ্র সরকারের বেঞ্চ এ আদেশ দেয়। রিট আবেদনকারীর আইনজীবী হরি সাধন দেব ব্রক্ষণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিসিসি অধ্যাদেশ অমান্য করে সরকারের অনুমোদন ছাড়াই রাজস্ব বিভাগের চারটি সার্কেল পুনর্বিন্যাস করে আটটি করা হয়েছে। এর আগেই গত ৩১ মার্চ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে আটটি সার্কেলের বিভিন্ন পদে পদায়ন করা হয়। "এরপর ২৫ এপ্রিল সিসিসি অধ্যাদেশ অনুসারে জনবল কাঠামো পরিবর্তন করা হয়। পাশাপাশি ৭ জন কর আদায়কারীকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ডেপুটি ট্যাক্সেশন অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়।" হরি সাধন জানান, এ বিষয়ে রিট আবেদন করা হলে আদালত মঙ্গলবার স্থগিতাদেশ দেয়। পাশাপাশি সিসিসি'র নির্বাহী কর্মকর্তা, সচিব, রাজস্ব কর্মকর্তা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এ চারজনকে কারণ দর্শাতে বলেছে আদালত। এ বিষয়ে সিসিসি'র আইন কর্মকর্তা সরোয়ার ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়ের কপি এখনো হাতে পাইনি। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৪৬ ঘ.