কুমিল্লা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে জনতার অবরোধের কারণে দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গাড়ি চলাচল বন্ধ ছিলো।
স্থানীয়রা মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এ কারণে ১০ কিলোমিটারের বেশি যানজটের সৃষ্টি হয়।
পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসে জনতা অবরোধ তুলে নিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয় বলে দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, বিদ্যুতের দাবিতে মানববন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়ার জন্য মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ লাঠিপেটা এবং এক আওয়ামী লীগ নেত্রীর বিরূপ মন্তব্যের পর সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে।
দাউদকান্দি উপজেলা সদরে প্রতিদিন ২/৩ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ থাকে না বলে স্থানীয়রা জানায়।
এর প্রতিবাদে সকাল ১০টায় দাউদকান্দি হাই স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি করে এলাকাবাসী। মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় সেখানে উপস্থিত উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জেবুন্নেসা জেবু মিছিলকারীদের কটাক্ষ করলে জনতা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করে।
পরে স্থানীয় সংসদ সদস্য সুবিদ আলি ভূঁইয়া, কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোখলেসুর রহমান, পৌরসভার মেয়র ও বিএনপি নেতা নাসিরুদ্দিন আহমেদ বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা অবরোধ তুলে নেয়। ১২টার থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দাউদকান্দির ইউএনও আনোয়ারুল নাসের সাংবাদিকদের জানান, দাউদকান্দিতে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হচ্ছে। ২/৩ দিন বিদ্যুতের সমস্যা ছিলো। সোমবার থেকে উন্নতি হয়েছে।
যারা বিক্ষোভ করেছে তারা সাধারণ মানুষ, কোনো দলের লোক নয় বলে জানান তিনি।
তবে আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেসা জেবু দাবি করেছেন, স্থানীয় বিএনপি নেতারা এ বিক্ষোভ সংগঠিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি থানার সামনে মিছিলকারীদের বলি, তোমরা কেন মিছিল করছো? গতকালও (সোমবার) তো ৫ মেগাওয়াট বিদ্যুৎ ছিলো। তখন আমাকে মিছিল থেকে ইট নিক্ষেপ করে। পরে আমি বলি, আমাকে যারা ইট মেরেছে, তাদের জুতা দিয়ে পেটাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24