২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা চুক্তিতে কোনো সমস্যা নেই: রিজভী

তিস্তার পানি বণ্টনে সমঝোতা চূড়ান্ত জানিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময়েই এ চুক্তি সই হবে বলে তিনি আশা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বণ্টনে সমঝোতা চূড়ান্ত জানিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময়েই এ চুক্তি সই হবে বলে তিনি আশা করছেন। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, চুক্তির বিষয়ে ঢাকা ও নয়া দিল্লি নীতিগতভাবে একমত। প্রাথমিকভাবে ১৫ বছরের জন্য এ চুক্তি হবে। সম্প্রতি নয়াদিল্লিতে যৌথ নদী কমিশনের সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ জানিয়ে উপদেষ্টা বলেন, এরপর মন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। এ বছর মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় চুক্তি সই হবে, আশা প্রকাশ করেন তিনি। যৌথ নদী কমিশনের বৈঠকেই তিস্তার পানি বণ্টন চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। সীমান্ত সমস্যা সমাধানে বাংলাদেশ-ভারত দুই পক্ষ একমত হলেও এক্ষেত্রে কিছু প্রক্রিয়া ধরে এগোতে হবে বলে মনে করেন গওহর রিজভী। ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাওয়ের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, "তা ছিলো এটি সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়ের ঢাকা-দিল্লি যৌথ ঘোষণা বাস্তবায়নের অগ্রগতিতে আমরা সন্তোষ প্রকাশ করেছি।" পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের আমন্ত্রণে সোমবার ঢাকায় আসেন নিরুপমা। সেদিনই তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। নিরুপমা মঙ্গলবার পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১২১৯ ঘ.