বরিশাল, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার মনপুরা উপজেলায় উত্তর সাকুচিয়া ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষের ঘটনায় সাত জনকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে উত্তর সাকুচিয়া ইউনিয়নে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী হাকিম আব্দুল ওসমান গনি এ রায় দেন বলে জানায় পুলিশ।
দন্ডিতরা হলেন- মো. মুসা, হানিফ, ইউসুফ, মো. আবুল কালাম, মো. আব্বাস, মো. কামরুল ও মো. সফিক।
মনপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিল সাংবাদিকদের জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়।
এসময় পুলিশের চারটি অস্ত্র ছিনতাই হয়। আহত হয় প্রায় অর্ধশতাধিক। পুলিশ সন্দেহভাজন ১৩ জনকে আটক করে। পরে অপ্রাপ্ত বয়স্ক দুজনকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ইউসুফ গ্রেপ্তারকৃত ১১ জনসহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
ব্যালট বাক্স ছিনতাই ও সরকারি কাজে বাধা দেওয়ায় আদালত ৭ জনকে ৬ মাসের কারাদন্ড দিয়ে বাকি চার জনকে খালাস দেন বলে জানান এসআই।
মনপুরা থানার ওসি মীর খায়রুল কবির জানান, দন্ডপ্রাপ্তদের মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১১৩০ ঘ.
bdnews24