২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির 'সঠিক' তথ্য দানকারীর বিরুদ্ধে মামলা করা যাবে না

দুর্নীতি বিষয়ক 'সঠিক' তথ্য প্রদানকারীর সুরক্ষায় সংসদে একটি বিল অনুমোদন হয়েছে। এর ফলে তথ্যদানকারীর বিরুদ্ধে মামলা করা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি বিষয়ক 'সঠিক' তথ্য প্রদানকারীর সুরক্ষায় সংসদে একটি বিল অনুমোদন হয়েছে। এর ফলে তথ্যদানকারীর বিরুদ্ধে মামলা করা যাবে না। 'সঠিক' তথ্য দানকারীরর সুরক্ষায় 'জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) বিল, ২০১১' সংসদে অনুমোদন পায় সোমবার। এছাড়া বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবীদের একাধিক বারের সদস্য হওয়ার সুযোগ রেখে বাংলাদেশ লিগ্যাল প্র্যাক্টিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) বিলও সংসদে অনুমোদন পেয়েছে। সোমবার আইনমন্ত্রী শফিক আহমেদ আলাদাভাবে বিল দুটি জাতীয় সংসদে উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটে এগুলো পাস হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী। দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে দুর্নীতি বিষয়ক কর্মকাণ্ডের সংবাদ প্রদানকারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- এ কথা উল্লেখ করে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ বিলের এর উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, এজন্য জনস্বার্থ সংশ্লিষ্ট সঠিক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা কিংবা কোনো বিভাগীয় মামলা দায়ের করা যাবে না। 'তথ্য প্রদানকারী সরকারি চাকরিজীবী হলে তথ্য প্রকাশের কারণে তাকে পদাবনতি, হয়রানিমূলক বদলি বা বাধ্যতামূলক অবসর প্রদান করা যাবে না।' এছাড়া তথ্য প্রকাশকারীর পরিচয় গোপন রাখতে হবে এবং তাকে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলার সাক্ষী করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাক্টিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধন) বিল ২০১১-এ বলা হয়েছে, বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবীরা একাধিক বারের সদস্য এবং ভোটার হতে পারবেন। এছাড়া বার কাউন্সিলের তিনজন নির্বাচিত সদস্যকে নিয়ে এনরোলমেন্ট কমিটি গঠন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২১৩২ ঘ.