নারায়ণগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ জন আহত হয়েছে।
হরতালে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার বিকালে জেলা বিএনপি শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় সমাবেশ ও পরে মিছিল করে।
শহরের দুই নম্বর রেল গেটে পুলিশ মিছিলে বাধা দেয় এবং লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে।
পুলিশ দুই জনকে আটক করেছে।
আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার হরতাল চলাকালে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে ঘোষিত ৫ দিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপি জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার।
সমাবেশ শেষে মিছিল করে শহরের চাষাঢ়ায় যাওয়ার পথে ২ নম্বর রেল গেট এলাকায় পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের বাকবিতণ্ডা হয়। পরে মিছিলটি ২ নং রেল গেইট এলাকা ঘুরে মণ্ডলাপাড়ার দিকে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে পেছন দিক থেকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
নেতাকর্মীরা বিভিন্ন বিপনী বিতান ও মার্কেটের ভেতরে আশ্রয় নিলে পুলিশ সেখানে ঢুকে লাঠিপেটা করে। বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শহরের দুই নং রেল গেট ও এর আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে।
ঘটনাস্থল থেকে আমানউল্লাহ ও ইমামউদ্দিন নামের দুইজনকে আটক করা হয়েছে। আমানউল্লাহ শহর বিএনপি ও ইমামউদ্দিন বন্দর থানা শ্রমিক দলের সভাপতি।
পুলিশের লাঠিপেটায় জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহ-সভাপতি বদরুজ্জামান খান খসরু, বিএনপি নেতা ব্যারিস্টার পারভেজ আহমেদ, শহর বিএনপির সহ-সভাপতি সুরুজ্জামান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি হাজী নুরুদ্দিন, বিএনপি নেতা আব্দুল মালেক, খন্দকার আলাল, ওলামা দল নেতা সামসুজ্জামান খান বেনু, খোকন শাহসহ ২০ জন আহত হন।
আহতদের মধ্যে তৈমুর আলম খন্দকার ও খোকন শাহকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। খোকন শাহের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তৈমুর আলম বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ পেছন থেকে লাঠিপেটা করেছে। মিছিল করা গণতান্ত্রিক অধিকার হলেও পুলিশ সন্ত্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়ে হামলা চালিয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার বলেন, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টাকালে লাঠিপেটা করে সড়ক থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১১৭ ঘ.
bdnews24