২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি নক্ষত্রের বিদায়

কেন্দ্রীয় শহীদ মিনারে কেবল মানুষ আর মানুষ। এই ভিড়ে রাজনৈতিক নেতারা যেমন আছেন, তেমনি আছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মী, মুক্তিযোদ্ধা, ছাত্র আর সাধারণ খেটে খাওয়া মানুষ। সবার নজর বাংলাদেশের পতাকা মোড়ানো একটি কফিনের দিকে। ওই কফিনেই যে শুয়ে আছেন বাংলার পপ সম্রাট আজম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় শহীদ মিনারে কেবল মানুষ আর মানুষ। এই ভিড়ে রাজনৈতিক নেতারা যেমন আছেন, তেমনি আছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মী, মুক্তিযোদ্ধা, ছাত্র আর সাধারণ খেটে খাওয়া মানুষ। সবার নজর বাংলাদেশের পতাকা মোড়ানো একটি কফিনের দিকে। ওই কফিনেই যে শুয়ে আছেন বাংলার পপ সম্রাট আজম খান। একাত্তরে তিনি লড়েছেন হানাদারের বিরুদ্ধে। জীবনের লড়াইয়ে তার অস্ত্র ছিল গান। ক্যান্সারের বিরুদ্ধে শেষ লড়াইয়ে ক্ষান্ত দিয়ে রোববার সকালে সবাইকে শোকে ভাসিয়ে বিদায় নেন পপগুরু। আজম খানের মরদেহ সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসার সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। অনেকেই এসেছিলেন এই শিল্পীকে শেষবারের মতো দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে। ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘ দিন আজম খানের সঙ্গী ছিলেন আব্দুল মতিন। শহীদ মিনার প্রাঙ্গণেও তাকে দেখা দেখা গেলো ম্লান মুখে দাঁড়িয়ে আছেন কফিনের পাশে। এক পর্যায়ে সেখানে উপস্থিত হলেন ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চু। বললেন, "মতিন ভাই, খুব মিস করছি। এখন আপনার মাঝেই গুরুকে খুঁজব।" মতিন আর বাচ্চু একে অপরকে বুকে টেনে নিলেন সান্তনা দেওয়ার জন্য। কিন্তু কেঁদে ফেললেন দুজনেই। আবেগে রুদ্ধ কণ্ঠে আইয়ূব বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "আজম ভাই আমাদের গুরু। তার মতো মহান ব্যক্তির সংস্পর্শে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি কতো বড় মাপের একজন শিল্পী। অথচ তার ভেতর কখনো অহঙ্কার দেখেনি।" এই ব্যান্ড শিল্পীর বিচারে আজম খান ছিলেন দেশের সঙ্গীত জগতের একটি প্রতিষ্ঠান। "তার আর্দশ ও দেখনো পথ আমরা অনুসরণ করে চলবো। তাকে জানাই হাজারও সালাম।" সিঙ্গাপুরে চিকিৎসা পুরোপুরি শেষ না করেই কেন চলে এসেছিলেন জানতে চাইলে আবদুল মতিন বলেন, "এ বিষয়টি তিনি নিজের মাঝেই লুকিয়ে রেখেছিলেন।" ব্যান্ড দল উচ্চারণ গড়ার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশকারী আজম খানের মুখগহ্বরের ২০১০ সালে ক্যান্সার ধরা পড়ে। এ জন্য দুবার তাকে সিঙ্গাপুরে নিয়েও চিকিৎসা করানো হয়। নয় দিন আগে আজম খানের অবস্থার অবনতি ঘটে। সে দিন থেকেই স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বাংলাদেশে পপ সঙ্গীতের এই অগ্রপথিককে। পরে নেওয়া হয় সিএমএইচে। রোববার সকালে সেখানেই তার মৃত্যু হয়। আব্দুল মতিন বলেন, "আজম ভাই শুধু শিল্পী ছিলেন না। তিনি একজন মুক্তিযোদ্ধা। বড়ই স্বাধীনচেতা মানুষ ছিলেন। তবে কেমন যেন উদাস প্রকৃতির ছিলেন। নিজের মনের বিরুদ্ধে কখনো কিছু করতে দেখেনি তাকে।" বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আর ভক্তদের ভিড় বাড়তে থাকে। তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আজম খান একজন বীর মুক্তিযোদ্ধা। তার চলে যাওয়ায় সঙ্গীত অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। এই গুণী শিল্পীর কাছ থেকে জাতি যা পেয়েছে, তাতে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।" বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক বলেন, "মহান এ শিল্পী বাংলাদেশের সঙ্গীতকে অনেক দূর এগিয়ে নিয়েছেন।" সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, "আজম খানের গাওয়া গান খুবই অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের মনে ব্যাপক সাড়া ফেলেছিলো। তিনি ছিলেন গণমানুষের শিল্পী।" সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, "আজম খান শুধু একজন শিল্পী নন, একজন মুক্তিযোদ্ধা নন; তিনি এই দেশ ও সমাজের এক নক্ষত্র। তার মতো মানুষ জাতি সব সময় পায় না।" গণসঙ্গীত শিল্পী ফকীর আলমগীর বলেন, "খুবই সাদাসিধে জীবন যাপনে অভ্যস্ত ছিলেন আজম খান। স্বাধীনতা যুদ্ধের পর আমরা একসঙ্গে গান গেয়েছি। তাকে হারিয়ে আজ একা হয়ে পড়লাম।" অনুষ্ঠানের সঞ্চালক হানিফ সংকেত বলেন, "মহান এই শিল্পীকে যতবার দেখেছি ততোবার অবাক হয়েছি। তিনি মানুষের এতোটা কাছাকাছি যেতে পারতেন, যা সবাই পারে না। এ কারণেই অতি অল্প সময়ে সবার মনে জায়গা করে নিতে পেরেছিলেন তিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২০৫৪ ঘ.