নয়া দিল্লি, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বণ্টন নিয়ে একটি অন্তবর্তী চুক্তির রূপরেখা নির্ধারণে ভারত ও বাংলাদেশের সচিব পর্যায়ে বৈঠক হয়েছে।
এ বছর আরো পরের দিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় এ অন্তবর্তী চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।
সোমবার নয়া দিল্লিতে বাংলাদেশের পানিসম্পদ সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান ও ভারতের পানিসম্পদ সচিব ধ্র"ব বিরাজ সিং তিস্তা নদীর পানি বন্টন নিয়ে আলোচনা করেন।
আলোচনায় তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সচিব ওয়াহিদ-উজ-জামান।
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরিকল্পিত বাংলাদেশ সফরের আগে ভারতীয় পররাষ্ট্র সচিব নিরুপমা রাওয়ের ঢাকা সফরের সময় নয়া দিল্লিতে দুদেশের পানিসম্পদ সচিবের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়, তিস্তা ও ফেনীসহ অন্যান্য অভিন্ন নদী যেমন মনু, মুহুরি, খোয়াই, গোমতি, ধরলা ও দুধকুমারের পানি বণ্টন সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দুদেশের পানি সম্পদ সচিবের মধ্যে সোমবার আলোচনা হয়েছে।
এছাড়া ইছামতি নদী খনন ও অভিন্ন নদীর তীর সুরক্ষা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। তাদের সর্বশেষ জানুয়ারির বৈঠকের পর অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
পানিসম্পদ সচিব ওয়াহিদ-উজ-জামান ভারতীয় পানিসম্পদ মন্ত্রী সালমান খুরশিদের সঙ্গেও সাক্ষাত করেন। এ সময় তিনি পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের পক্ষ থেকে ভারতীয় মন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
সালমান খুরশিদ উভয়পক্ষের জন্য সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এইচএ/১৯৫৭ ঘ.
bdnews24