ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রে নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সনদ 'ইন্টারন্যাশনাল কনভেনশন অন মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ ১৯৭৯'-এ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন পেয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সংবাদিকদের জানান, এর ফলে আন্তর্জাতিক নৌপথে বাংলাদেশের জাহাজ চলাচল নিরাপদ হবে।
১৯৭৯ সালে হামবুর্গে এক সম্মেলনে এই সনদটি গৃহীত হয়। সমুদ্রে যেকোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও সন্ধান তৎপরতা চালানোর লক্ষ্যে এই আন্তর্জাতিক সনদটি তৈরি করা হয়েছিলো।
এরই মধ্যে ১৯৬টি দেশ সনদে সই করেছে।
আজাদ জানান, বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংক বোর্ড অব গভর্নরসের ৪৪তম বার্ষিক সভায় প্রতিনিধিদলের অংশগ্রহণ, তুরস্কে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর চতুর্থ জাতিসংঘ সম্মেলনে প্রতিনিধিদলের অংশগ্রহণ, নৌ-পরিবহন মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের দুবাই, মোম্বাসা ও সিঙ্গাপুরের সমুদ্রবন্দর পরিদর্শন এবং আন্তর্জাতিক এনার্জি ফোরামের সনদ স্বাক্ষর উপলক্ষে বাংলাদেশ প্রতিনিধিদলের রিয়াদ সফরের বিষয় তুলে ধরা হয়।
এছাড়া মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের পপসম্রাট আজম খানের মৃত্যুতে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
প্রেসসচিব জানান, এর বাইরে নিমতলীর অগ্নিকাণ্ডের পর সর্বস্ব হারানো যে তিন কন্যাকে বিয়ে দেওয়া হয়েছিলো তাদের একজন মা হওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৯৪১ ঘ.
bdnews24