২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের পর বিভিন্ন স্থানে সংঘর্ষ, আহত দেড়শ

কয়েকটি স্থানে রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর সংঘাতে দেড় শতাধিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকটি স্থানে রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর সংঘাতে দেড় শতাধিক আহত হয়েছে। রাজবাড়ীর কালুখালী ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন। ঠাকুরগাঁওয়ের হরিপুর ও নীলফামারী সদর উপজেলায় ফল ঘোষণার সময় সংঘাত বাঁধলে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জের তিনটি ইউনিয়নে নির্বাচনোত্তর সংঘাতে আহত হয়েছে ৯০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর- ঠাকুরগাঁও: হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ননের ঠাকিঠুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফল ঘোষণার সময় গোলযোগ বাঁধে। এক প্রার্থীর সমর্থকরা প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ওই কেন্দ্রে সংঘর্ষে আহত হয় ১২ জন। ভাংচুর হয় দুটি গাড়ি। স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টায় ঠাকিঠুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফল ঘোষণার পর পরাজিত সদস্য প্রার্থী রফিজুল ইসলাম ও তার সমর্থকরা পুনরায় গণনার দাবি জানায়। এক পর্যায়ে তারা প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যদের অবরুদ্ধ করলে পাশের উপজেলা বালিয়াডাঙ্গির ইউএনও মনিরুজ্জামান তাদের উদ্ধার করেন। ইউএনও মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, গোলযোগের খবর পেয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ঠাকিঠুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে পুলিশ রফিজুল, জুয়েল, কাজল ও এমানুল হক নামে চার জনকে গ্রেপ্তার করে। হরিপুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ভ্রাম্যমাণ আদালত রাত আড়াইটায় তিন জনকে ১ বছর এবং এনামুলকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে। তাদের চার জনকে কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারী: রোববার সদর উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হলেও ফল ঘোষণার পর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। ব্যালট বাক্স ছিনতাই ও কেন্দ্রে মারপিটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পাঁচ জনকে সাজা দিয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাকে মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা সেকান্দার আলী সাংবাদিকদের বলেন, দিনভর পরিস্থিতি শান্ত থাকলেও রাত ৯টার পর ফলাফল ঘোষণার সময় বিভিন্ন পদে পরাজিত প্রার্থীরা ভোট কেন্দ্র ঘেরাও করে। সকালে চাপড়া সরনজানি ইউনিয়নের বরুয়া শেখপাড়া কেন্দ্রে দুই সদস্য প্রার্থী প্রিসাইডিং কর্মকর্তা প্রবাণন্দ রায়কে মারধর করে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায় বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান। এ ঘটনায় প্রবানন্দ বাদি হয়ে থানায় মামলা করেছেন। সংঘাত থামাতে পুলিশ দুবাছুড়ি, গোড়গ্রাম, ছত্রসাল, সন্নাসীতলা ও উত্তর রামকলা কেন্দ্রে রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। ভোট কেন্দ্রে মারপিটের সঙ্গে জড়িত থাকায় সাত জনকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। রাজবাড়ী: পাংশা উপজেলার মাজবাড়ি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রাথীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর পুলিশ ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। আহত হয়েছে পাঁচ জন। মাজবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাজী সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে তার ভাই শরিফুলসহ তিন জন দুটি মটর সাইকেলে করে বাড়ি ফিরছিলো। ওই সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন শেখ ইঞ্চুর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ঘটনার পর সাইফুল সমর্থকরা জোট বেঁধে ইঞ্চু সমর্থকদের ওপর হামলার প্রস্তুতি নিয়ে পুলিশ এসে পরিস্থিতির অবনতি ঠেকায়। এরপর পুলিশ ইঞ্চুর সমর্থক সাবেক সংসদ সদস্য সদরুল আমিন হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে ৬৭ জনকে গ্রেপ্তার করে। ইঞ্চুর লোকজন বিপুল পরিমাণ লাঠিসোঁটা, রামদা, হাসুয়া নিয়ে ওই বাড়িতে অবস্থান করছিলো বলে পাংশা থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন জানান। তবে পাংশা উপজেলা বিএনপির সহসভাপতি হাবিব সাংবাদিকদের বলেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। গোপালগঞ্জ: কোটালীপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কলেজ শিক্ষক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। সাদুল্লাহপুর ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে। কোটালীপাড়ার ভাঙ্গারহাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ইদ্রিস আলী জানান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লাল মোহন বিশ্বাসের সমর্থক উত্তম সেনকে অন্য প্রার্থী সমর চাঁদ মৃধার সমর্থকরা মারধর করে। এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। নাটোর: লালপুর উপজেলার গোধড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বিজয়ী সদস্যসহ ৩ বিএনপি কর্মীকে আটক করেছে। সিরাজগঞ্জ: ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও ফল ঘোষণার পর সদর উপজেলার বহুলী, শিয়ালকোল ও বাগবাটি ইউনিয়নে সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুর হয়েছে। এতে ৯০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৪ ঘ.