২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর মুদ্রাপাচার মামলা চলবে ২০০২ এর আইনে

অর্থপাচার মামলায় ২০০৯ এর পরিবর্তে ২০০২ সালের আইনে নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে খলেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থপাচার মামলায় ২০০৯ এর পরিবর্তে ২০০২ সালের আইনে নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে খলেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে। ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন এ মামলাটি সাক্ষ্য গ্রহণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিলো। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল সোমবার নতুন করে অভিযোগ গঠনের আবেদন করলে ঢাকার তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেন তা মঞ্জুর করে আগামী ১৫ জুন মামলার বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কাজলের আবেদনে বলা হয়, "গত ৯ ফেব্র"য়ারি তারেক রহমানের পক্ষে 'মানি লন্ডারিং প্রতিরোধ আইন' চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা মামলার রায়ের আলোকে এ মামলারও অভিযোগ গঠন হওয়া উচিৎ। তাই 'অর্থ পাচার প্রতিরোধ আইন ২০০৯' এর পরিবর্তে '২০০২ এর অর্থ পাচার প্রতিরোধ আইনে' এ মামলার সংশোধিত অভিযোগ গঠন করা প্রয়োজন।' রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি দেখান, কোকোর বিরুদ্ধে এ মামলার অভিযোগ ২০০৯ সালের আগের হওয়ায় নতুন করে অভিযোগ গঠন করা না হলে আইনি জটিলতার সৃষ্টি হবে। এ মামলায় গত রোববার পর্যন্ত রাষ্ট্রপক্ষে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা আবু সাঈদ ২০০৯ সালের ১৭ মার্চ রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আরাফাত রহমান কোকো এ মামলার আরেক আসামি ইসমাইল হোসেন সায়মনের সহায়তায় অবৈধ উপায়ে অর্জিত ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরে পাচার করেছেন। গত বছরের ৩০ নভেম্বর ২০০৯ সালের অর্থ পাচার প্রতিরোধ আইনে কোকা ও সায়মনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কোকোকে গ্রেপ্তার করা হলেও ২০০৮ সালের মে মাসে প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান তিনি। গত বছর ১৯ অগাস্ট তার প্যারোল বাতিল করে ৩১ অগাস্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোকো না ফেরায় তাকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার শুরু করে আদালত। সায়মনকেও এ মামলায় পলাতক দেখানো হয়েছে। তাদের অনুপস্থিতিতেই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৮০১ ঘ.