ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্র লিমন হোসেন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কি না তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির তদন্তের মূল বিষয় নয় বলে জানিয়েছেন কমিটি-প্রধান।
ঝালকাঠীতে লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এক সদস্যের কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আকবর সোমবার এ কথা বলেছেন। এদিনই তিনি মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে শওকত বলেন, "লিমন সন্ত্রাসী বা সন্ত্রাসী নয়, তা বের করা এ তদন্তের মূল বিষয় ছিলো না। এ তদন্তের মূল বিষয় ছিলো ঘটনাটি কিভাবে ঘটেছে।"
শওকত জানান, মানবাধিকার কমিশনের সুপারিশের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। মানবাধিকার কমিশন যেসব বিষয় অনুসন্ধানের সুপারিশ করেছে সেই অনুযায়ী তদন্ত করা হয়েছে।
তিনি বলেন, "লিমন সন্ত্রাসী- এটা বলতে পারবে শুধু আদালত। কোনো মামলায় আদালতে অভিযুক্ত হয়ে শাস্তি হলেই কাউকে সন্ত্রাসী বলা যায়।"
ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে গুলিবিদ্ধ হন লিমন। তার বাম পা কেটে ফেলতে হয়েছে। লিমনের দাবি, র্যাব ধরে নিয়ে তাকে গুলি করেছে।
ঘটনাটি নিয়ে মানবাধিকার সংগঠনগুলোসহ বিভিন্ন মহল সমালোচনা তুললে তদন্ত কমিটি করে সরকার।
ওই ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র্যাব।
পরে র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন লিমনের মা হেনোয়ারা বেগম।
তদন্ত চলাকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক বলেন, সন্ত্রাসী বাহিনীর সঙ্গে লিমন ও তার বাবার ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
তার বক্তব্য সমর্থন করে দুই দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যই সরকারের বক্তব্য।
তবে এসব বক্তব্য তদন্তকে প্রভাবিত করবে না বলে বরাবরই দাবি করে এসেছেন শওকত।
তদন্তে কোনো ধরনের চাপে পড়তে হয়েছে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি স্বাধীনভাবেই কাজ করতে পেরেছি। আসলে এটা তদন্ত নয়। আমি অনুসন্ধান চালিয়ে ফাইন্ডিংস জমা দিয়েছি।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত রিপোর্ট আদালত বা অন্যান্য স্থানে গ্রহণযোগ্যতা পাবে কি না জানতে চাইলে শওকত বলেন, "এ রিপোর্ট আদালতের জন্য করা হয়নি। এটি করা হয়েছে সরকারের জন্য।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তদন্ত বিশ্লেষণ করে ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন এই তদন্ত কর্মকর্তা।
এর আগে দুপুরে প্রতিবেদন গ্রহণ করার পর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী সাংবাদিকদের বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। প্রতিমন্ত্রীও এ মুহূর্তে রয়েছেন কেবিনেট মিটিংয়ে। তাই প্রতিবেদন প্রকাশ করা হবে কি না, প্রতিমন্ত্রী এলে আলোচনার পর সিদ্ধান্ত হবে।"
তদন্ত কমিটির প্রধান শওকত লিমন, তার বাবা, চিকিৎসকসহ বিভিন্ন জনের বক্তব্য শোনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এলএইচ/এএল/পিডি/২০৫৯ ঘ.
bdnews24