ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়ে বিয়ে না দেওয়ায় গুলশানের এক দম্পতিকে হত্যার জন্য দুই বখাটেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সাজা হয়েছে এক জনের।
ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম সোমবার এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মো. রুবেল এবং মিথুন চন্দ। জালিয়াতি করে জামিন নিয়ে তারা এখন পলাতক।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন আলতাফ হোসেন আলতু। তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার অন্য আসামি মহিউদ্দিন আজাদ রাব্বীকে খালাস দিয়েছে আদালত। জামিনে থাকা আলতু ও রাব্বী রায়ের সময় আদালতে ছিলেন।
মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ২৪ মার্চ বাংলাদেশ নার্সারি মালিক সমিতির মহাসচিব সাদিকুর রহমান (৫৫) ও তার স্ত্রী রোমানা নার্গিসকে (৫০) তাদের গুলশানের কালাচাঁদপুরের বাসায় হত্যা করা হয়। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রামে।
এ মামলায় মূল অভিযুক্ত রুবেল। সাদিক দম্পতির মেয়েকে বিয়ে করতে না পেরে রুবেল সঙ্গীদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়। ঘটনার দিনই নিহতদের আত্মীয় আবুল হোসেন গুলশান থানায় মামলা করেন।
হত্যাকাণ্ডের চার দিন পর রুবেল, মিথুন ও রুবেলের বোনজামাই রাব্বীকে ঝালকাঠী সদর উপজেলার গাবখান গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২৩ জানুয়ারি জাল কাগজপত্র দাখিল করে হাইকোর্ট থেকে জামিন পেয়ে রুবেল ও মিথুন পালিয়ে যায়। পরে ঘটনাটি ধরা পড়লে ৯ ফেব্র"য়ারি তাদের জামিন বাতিল করা হয়।
জামিন জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে গত ১৫ মে নিহতদের মেয়ে সুমাইয়া ইয়াসমিন বিথী শাহবাগ থানায় মামলা করেন।
এর আগে রাব্বী ও আলতু জামিন পান।
গত বছরের ১০ জুন এ মামলায় চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মহানগর গেয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শাহানুর খান।
মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. মাহবুবুর রহমান এবং আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক, মো. সেলিম, মো. ইউসুফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৩৪৭ ঘ.
bdnews24