২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটগ্রামে ৭ ইউনিয়নের ফল ঘোষণা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। একটির ফল ঘোষণা স্থগিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 06:56 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

লালমনিরহাট, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। একটির ফল ঘোষণা স্থগিত করা হয়। শনিবার মধ্যরাতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশীদ ফল ঘোষণা করেন। নির্বাচিত সাত চেয়ারম্যান হলেন- শ্রীরামপুর ইউনিয়নে আব্দুল করিম প্রধান, পাটগ্রামে আব্দুল ওহাব প্রধান, জগতবেড়ে নবীবর রহমান, কুচলিবাড়ীতে হামিদুল হক, বাউরায় হাবীবুল হক বসুনীয়া, দহগ্রামে হাবিবুর রহমান, নবগঠিত বুড়িমারীতে আছির উদ্দিন আহম্মেদ। এদিকে জোংড়া ইউনিয়নের দুইটি ভোট কেন্দ্রে ব্যালট ছিনতাই হওয়ায় ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। পাটগ্রাম থানার ওসি মুরশিদুল করিম ইসতেশাম জানান, রাত ১১টার দিকে জোংড়া ইউনিয়নের ধবলসতি প্রাইমারি স্কুল ও উচ্চ বিদ্যালয় কেন্দ্র ২টিতে ব্যালট বাক্স ছিনতাই করার সময় পুলিশ গুলি চালায়। এ সময় উত্তেজিত জনতার হামলায় মতিউর ও সামাদ নামে দুই কনস্টেবল আহত হন। তারা রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া স্থানীয় মিজান, সিদ্দিক, শফিকুলসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মজিবর রহমান নামে একজনকে আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৯ ঘ.