ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি ঘোষিত জরুরি অবস্থার মেয়াদ অনধিক একশ ২০ দিনে নির্দিষ্ট করার সুপারিশ করেছে বিশেষ কমিটি।
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির তৈরি সুপারিশ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনটির একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। বুধবার এ প্রতিবেদন সংসদে উপস্থপান করার কথা বিশেষ কমিটির।
সুপারিশে কমিটি বলেছে, সংবিধানের ১৪১ (ক) অনুচ্ছেদটি সংশোধনের মাধ্যমে জরুরি অবস্থার মেয়াদ নির্ধারণ সংক্রান্ত সংবিধানের ১৪১ (ক) এর দফা (১) এর "তাহা হইলে তিনি" শব্দগুলি পর "অনধিক একশত কুড়ি দিনের জন্য" শব্দগুলি সন্নিবেশিত হবে।
সংবিধানে ১৪১ (ক) অনুচ্ছেদে বর্তমানে বলা হয়েছে: রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, এমন জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে, যাহাতে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোন অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন : তবে শর্ত থাকে যে, অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি-স্বাক্ষর প্রয়োজন হইবে।
সংসদে উপস্থাপিত কোনো বিলে রাষ্ট্রপতির অসম্মতি জানানোর সুযোগ সৃষ্টিরও সুপারিশ করেছে বিশেষ কমিটি।
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অনুচ্ছেদ ৮০ এর দফা (৩) এর "সম্মতি দান করিবেন" শব্দগুলির পরে "কিংবা তাহাতে সম্মতি দানে বিরত রহিলেন ঘোষণা করিবেন" শব্দ সন্নিবেশিত হবে।
ওই অনুচ্ছেদে বর্তমানে বলা হয়েছে: রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করিবার পর পনেরো দিনের মধ্যে তিনি তাহাতে সম্মতিদান করিবেন কিংবা অর্থবিল ব্যতীত অন্য কোনো বিলের ক্ষেত্রে বিলটি বা তাহার কোনো বিশেষ বিধান পুনর্বিবেচনার কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোনো সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করিয়া একটি বার্তাসহ তিনি বিলটি সংসদে ফেরত দিতে পারিবেন; এবং রাষ্ট্রপতি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম এবং ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের চতুর্থ তফসিলের পর পঞ্চম, ষষ্ঠ তফসিল ও সপ্তম তফসিল হিসেবে সংযোজনের সুপারিশ করা হয়েছে বিশেষ কমিটির প্রতিবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২৩৩০ ঘ.
bdnews24