শেরপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলার বাটারা ঘাট মৃগী নদীর তীর থেকে উদ্ধার করা কিশোরের পরিচয় পাওয়া গেছে। সে শেরপুর শহরের নবীনগর এলাকার মকবুল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (১২)।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিষু (১৯) নামের এক যুবককে শুক্রবার রাতে সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সে পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।
গত ২৩ এপ্রিল মৃগী নদীর তীর থেকে ট্রাঙ্কে ভরা অবস্থায় বিল্লাল হোসেনের লাশ উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শহরের শেরীঘাট এলাকা থেকে বিষুকে গ্রেপ্তার করা হয়। সে শেরীঘাট এলাকার মৃত শাহমতের ছেলে।
বিষুকে শনিবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সে বলেছে, দুই সহযোগী নূর হোসেন ও হান্নানকে নিয়ে তারা বিল্লালকে হত্যা করে মৃতদেহ ট্রাঙ্কে ভরে মৃগী নদীতে ভাসিয়ে দিয়েছিলো।
জবানবন্দি গ্রহণ শেষে আদালত বিষুকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৪৪ঘ.
bdnews24