প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের ভুরিভুরি নজির থাকলেও ঢাকার পরিবেশ আদালতে মামলা রয়েছে মাত্র ৯৭টি।
সংশ্লিষ্টরা বলছেন, পদ্ধতিগত জটিলতা, পরিবেশ সচেতনতায় কর্তৃপক্ষের প্রচার-পদক্ষেপের ঘাটতি, লোকবলের অভাবে সবগুলো ঘটনায় মামলা হচ্ছে না।
শুধু পরিবেশ মামলা পরিচালনা করার জন্য এ আদালত গঠন করা হলেও এ সংক্রান্ত মামলার অভাবে দেওয়ানী মামলাসহ অন্য সাধারণ দায়রা মামলার বিচারও চলছে পরিবেশ আদালতে।
আদালতের মামলার নিবন্ধন খাতা ও বিবরণীতে দেখা যায়, পরিবেশ আদালতে ২০০৩ সালে ১৭টি, ২০০৪ সালে ৬৭টি, ২০০৫ সালে ২৩টি, ২০০৬ সালে ৩৭টি, ২০০৭ সালে ৪টি, ২০০৮ সালে ৯৭টি, ২০০৯ সালে ৮২টি, ২০১০ সালে ৫৯টি, ২০১১ সালে ১৪টি মামলা দায়ের হয়।
এ আদালতের পেশকার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৯৭টি বাদে অন্য সব মামলাই নিষ্পত্তি হয়েছে। সব মামলায়ই জরিমানা হয়েছে।
আদালতের নথিপত্র অনুসন্ধানে দেখা যায়, এখন অপহরণ, অস্ত্র, বিস্ফোরক মামলার বিচারও চলছে পরিবেশ আদালতে।
জনস্বার্থে ২০০৯ সালের মোবাইল কোর্ট আইন অনুযায়ী নির্বাহী হাকিমরাও পরিবেশ বিষয়ক বিভিন্ন আইন লঙ্ঘনের শাস্তি দিচ্ছেন।
কিন্তু যেহেতু মামলা হিসাবে এ আদালতের নথিগুলি সাময়িক সংরক্ষণ করা হচ্ছে, সে কারণে দ্বিতীয়বার অপরাধের বিচারের সময় প্রথমবারের অপরাধ উঠে আসছে না।
অথচ পরিবেশ সংরক্ষণ আইন এবং পরিবেশ আদালত আইন লঙ্ঘনে দ্বিতীয় বা তৃতীয়বারের অপরাধে প্রথমবারের চাইতে বেশি জরিমানার বিধান রয়েছে, বললেন পরিবেশ বিষয়ক মামলার আইনজীবী শাকিল শাহরিয়ার আনন্দ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল কোর্ট অন্যান্য ক্ষেত্রে যত সফলই হোক না কেন, পরিবেশ বিষয়ক আইন ভাঙার বিচারে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।
এ ক্ষেত্রে বিপরীত মত পাওয়া গেলো পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম কামরুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অনেক রাঘব বোয়ালকে জরিমানা করেছি। আইনে বর্ণিত ছোট অপরাধের তাৎক্ষণিক বিচার আমরা কওে থাকি, যেগুলোতে শাস্তির মাত্রা কম। আইনের নির্দেশনা অনুযায়ী বড় অপরাধগুলোর বিচার হয় যুগ্ম জেলা জজের পরিবেশ আদালতে।"
ভ্রাম্যমাণ আদালতের নথিপত্র সংরক্ষণ হয় বলে জানান এ নির্বাহী হাকিম।
২০০০ সালের পরিবেশ আদালত আইন গত বছর রহিত করে ২০১০ সালের ৫৬ নম্বর আইন হিসাবে কার্যকর করা হয়। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনেরও সংশোধন পরিমার্জন করা হয় গত বছর।
২০০০ সালের আইন অনুযায়ী, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি সরাসরি ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করতে পারতেন না। গত বছরের আগ পর্যন্ত কোন ক্ষতিগ্রস্ত প্রথমে পরিবেশ অধিদপ্তরে গিয়ে নির্ধারিত ফরমে নালিশ জানাতে হতো। তারা সংক্ষুব্ধ ব্যক্তির আনা অভিযোগ তদন্ত করতেন। যদি ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করে অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আদালতে ওই অভিযোগটির পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা না করতেন তবে ক্ষতিগ্রস্ত আদালতে মামলা করতে পারতেন।
কিন্তু ২০১০ সালের নতুন আইনে এ নিয়মটি রদ করা হয়। এখন ইচ্ছে করলে যে কেউ আদালতে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করতে পারেন, যা বিচারপ্রার্থী জনগণের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।
তবে মামলা দায়েরের পর আবারো যখন অধিদপ্তরের লোকজনকেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তখন বিষয়টি আগের মতোই জটিলতায় পড়ে।
পরিবেশ আদালতে কয়েকটি মামলার বাদি আমিনুল গণি টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধিদপ্তরের কতিপয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারী পরিবেশ দূষণকারীদের কাছ থেকে উৎকোচ নিয়ে গোঁজামিল দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দেন।"
ঢাকার পরিবেশ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর কাজী ফিরোজুর রহমান মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধিদপ্তরের মহাপরিচালক নিজে পরিবেশ আইন লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে আদেশ নির্দেশ দিচ্ছেন। যে কারণে অধিদপ্তরের পক্ষ থেকে মামলা আদালতে কম আসছে।"
মহাপরিচালক আইন অনুযায়ী এ কাজ করছেন কি না- জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
মামলার সঙ্কটের জন্য অধিদপ্তরের লোকবল সঙ্কটকেও দায়ী করলেন ফিরোজ। তিনি বলেন, ঢাকা বিভাগের জন্য অধিদপ্তরে পরিদর্শক আছে মাত্র ৩০ জন। অথচ থাকা উচিৎ ৩০০ জন।
তবে পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার পরিবেশ আদালতে মামলার দায়ের ও বিচারের গতি মন্দ নয়।
ধীরে ধীরে সব সমস্যারই সমাধান হবে বলে আশাবাদী তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24