ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায় মেনে 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র'-এর তৃতীয় খণ্ড বাজারজাত করার ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে উকিল নোটিশ দিয়েছে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্স।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ রোববার হাক্কানী পাবলিশার্সের পক্ষে ডাকযোগে এই নোটিশ পাঠান।
২০০৯ সালের ২১ জুন স্বাধীনতার ঘোষক বিষয়ে হাইকোর্টের রায়ের উল্লেখ করে নোটিশে বলা হয়, ওই রায়ের পর দুই বছর পার হয়ে গেলেও তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল-মামুন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমানের বাধার কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছে না।
"বাজারে চাহিদা থাকার পরও স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র বাজারে সরবরাহ করা যাচ্ছে না। এক্ষেত্রে পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকা স্বত্ত্বেও বিভিন্ন অজুহাতে বইগুলো সরবরাহ করা যাচ্ছে না।"
হাইকোর্ট ওই রায়ে 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র'-এর তৃতীয় খণ্ড বাতিল ঘোষণা করে। ওই খণ্ডটি বাজেয়াপ্ত ও বাজার থেকে প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়।
২০০৪ সালের জুন মাসে প্রকাশিত 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র'-এর তৃতীয় খণ্ডে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উপস্থাপন করেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই রায়ের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বইটি পুনর্মুদ্রণের দায়িত্ব হাক্কানী পাবলিশার্সকে দেয়। কিন্তু ওই রায় অনুসারে বাজার থেকে বই প্রত্যাহারে কোনো গেজেট প্রকাশ না করায় এবং হাক্কানী পাবলিশার্স সম্পাদিত বই সরবরাহে বাধা সৃষ্টি করায় এই নোটিশ দেওয়া হয়েছে।"
নোটিশে দুই দিনের মধ্যে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য দুই মন্ত্রণালয়ের সচিবকে আহ্বান জানিয়েছে হাক্কানী পাবলিশার্স। তা না হলে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭৪২ ঘ.
bdnews24