ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ চূড়ান্ত হয়েছে জানিয়ে এ সংক্রান্ত কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আগামী ৮ জুনের মধ্যে তা সংসদে উপস্থাপন করা হবে।
রোববার কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নবম সংসদের নবম অধিবেশন বর্তমানে চলছে। এ অধিবেশন আগামী জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। আগামী ৯ জুন সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত জানান, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কমিটি কোনো সুপারিশ করছে না।
সংবিধানে 'বিসমিল্লাহ' ও 'রাষ্ট্রধর্ম ইসলাম' রাখার বিষয়ে কমিটির দুই সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু আপত্তি (নোট অফ ডিসেন্ট) জানিয়েছেন বলে আওয়ামী লীগের উপদেষ্টা সুরঞ্জিত জানান।
গত বছরের ২১ জুলাই সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। এ পর্যন্ত ২৭টি বৈঠক করেছেন কমিটির সদস্যরা। রাজনৈতিক দল ছাড়াও সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ, বিশিষ্টজন, সম্পাদকদের মতামত নিয়েছে কমিটি।
প্রধান বিরোধী দল বিএনপি সংবিধান সংশোধনের এ প্রক্রিয়ায় যুক্ত হয়নি। কমিটির ডাকে বৈঠকেও সাড়া দেয়নি বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৩৩ ঘ.
bdnews24