২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হরতালের মিছিলে লাঠিপেটা, গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জ শহরে হরতালের সময় বিএনপি মিছিল বের করলে লাঠিপেটা করে তা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শহর বিএনপির যুগ্ম সম্পাদক মাকসুদুল আলম খন্দকারসহ নয় জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 05:20 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

নারায়ণগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে হরতালের সময় বিএনপি মিছিল বের করলে লাঠিপেটা করে তা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শহর বিএনপির যুগ্ম সম্পাদক মাকসুদুল আলম খন্দকারসহ নয় জনকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে প্রধান বিরোধী দল রোববার এ হরতাল পালন করছে। একই ইস্যুতে তাদের সঙ্গে জোটসঙ্গী জামায়াতে ইসলামীও হরতাল ডেকেছে। সকাল সোয়া ৬টার দিকে শহরের এক নম্বর রেলগেইট এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এরপর তারা মিছিল নিয়ে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার জেলা বিএনপি কার্যালয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু সড়কে পুলিশের বাধার মুখে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা করে এবং ব্যানার ছিনিয়ে নেয়। পুলিশি হামলায় ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল সাংবাদিকদের জানিয়েছেন। তিনি পুলিশি হামলার নিন্দা জানিয়ে বলেন, "পুলিশ অকথ্য ভাষায় নেতাদের গালাগালি করেছে।" নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন সাংবাদিকদের বলেন, সড়কে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, সরকারি কাজে বাধা, যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। নয় জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছেন ওসি। গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও শহর বিএনপির যুগ্ম সম্পাদক মাকসুদুল আলম, জেলা যুবদলের সভাপতি মামুন মাহমুদ, শহর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রানা মজিব, রিটন দে, আল আমিন, রহমান, সাঈদ হোসেন, শহীদ ও রোস্তম আলী। হরতালে শহরে গাড়ি চলাচল কম। গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। টহলে রয়েছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১০ ঘ.