২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে প্রায় অর্ধশত আটক

বিএনপির ডাকা হরতালের আগের দিন প্রায় অর্ধশত ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 05:46 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা হরতালের আগের দিন প্রায় অর্ধশত ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। এদের মধ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক স্বরাষ্ট্রসচিব জহুরুল ইসলাম এবং বিএনপি নেতা ঢাকা সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর কাউন্সিলর আবুল খায়ের বাবলু রয়েছেন। নিউমার্কেট থানার সহকারি উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্রসচিব এবং ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান কাউন্সিলরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। কী কারণে তাদের আটক করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেননি দুই থানার পুলিশ কর্মকর্তা। এদিকে পুলিশের গোয়েন্দা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর বিভিন্ন স্থান থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পুলিশ অন্তত ৪২জনকে আটক করেছে। তারা হরতালের নামে নাশকতামূলক কোনো ঘটনা ঘটাতে পারে এই অভিযোগে তাদের আটক করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে উল্লেখিত দুইজন ছাড়াও বিএনপি নেতা আশরাফুল হক টিটো, আমীর হোসেন, হাফিজ মো. মিনু, গোলাম মোর্শেদ, মো. রফিক, মো. নাসির উদ্দিনসহ ৫৫ জনকে ঢাকা মহানগর পুলিশ আটক করেছে। বিএনপির মহানগর সদস্য সচিব আব্দুস সালাম এক বিবৃতিতে গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩৪২ ঘ.