চাঁপাইনবাবগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় শনিবার বিকালে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন- সদরের নারায়ণপুরের টগরী বেগম (৩৮), নাচোল পৌর এলাকার মোমিনপাড়ার ইসমাইল হোসেন (১০), গোমস্তাপুরের সন্তোষপুর এলাকার আশা (১০), শ্যামপুরের বারিক (১২), ব্রজনাথপুরের বুজরুক (২২) এবং দুর্গাপুরের আনোয়ারা খাতুন (৫৫)।
এছাড়া নাচোল পৌর এলাকার মোমিনপাড়ার রিজিয়া বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক নুরুন্নবী বজ্রপাতে টগরী বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নাচোল থানার উপ-পরিদর্শক হাসানুল কবির বলেন, মাঠ থেকে গরু আনার সময় বজ্রপাতে ঘটনাস্থলে গরুসহ মারা যায় পৌর এলাকার কুদ্দুস আলীর ছেলে ইসমাইল হোসেন।
একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রিজিয়া বেগম গুরুতর আহত হন বলেও জানান তিনি।
গোমস্তাপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে নিহত হন সন্তোষপুরের মনজুর হোসেনের মেয়ে আশা, শ্যামপুরের নাসির উদ্দীনের ছেলে বারিক, ব্রজনাথপুরের বেল্লাল হোসেনের ছেলে বুজরুক এবং দুর্গাপুরের তেনু মণ্ডলের স্ত্রী আনোয়ারা খাতুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.
bdnews24