মৌলভীবাজার, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার নির্বাচন চলাকালে দুপুর ১২টার দিকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত জাহান জানান, নির্বাচন চলাকালে দুপুর ১২টার দিকে সুজানগরে বাঘমারা ভোট কেন্দ্রে সিএনজি অটোরিকশা করে ভোটারদের আনা-নেওয়া করার অভিযোগে চালক নারায়ণ দাশকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে বড়লেখা থানার ওসি অমল কুমার ধর সাংবাদিকদের জানান, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।
আহত দুদুই মিয়ার (৬০) বাড়ি করমপুর গ্রামে।
চেয়ারম্যান প্রার্থী জুবায়ের আহমদ লিটন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আকবর আলীর সমর্থকদের হামলায় দুদুই মিয়া গুরুতর আহত হন।
তাকে বিয়ানীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
শনিবার বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০১৯ ঘ.
bdnews24