ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা হরতালের আগের দিন দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ১০টি বাস ও একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
দুপুর আড়াইটার দিকে রাজউকের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে সেখানে থাকা পুলিশ তা নিভিয়ে ফেলে। ফলে বাসটির কয়েকটি সিট ছাড়া আর কিছু পুড়েনি।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্করের কাছে একটি যাত্রিবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় একই সময় আজিমপুরের পলাশী বেবী আইসক্রীম মোড়ে একটি এবং মতিঝিল থানা এলাকার ফকিরাপুল মোড়ের কাছে আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
রাত পৌনে ৮টার দিকে বাংলা মোটর মোড়ে এবং রাত ৮টার কিছু আগে কাঁটাবন মোড়ে আরো দুইটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়।
এ ছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশনের রাত পৌনে ৯টায় একটি এবং রাত ৯টায় জুরাইনে একটি বাসে আগুন লাগানো হয় বলে দমকল বাহিনী থেকে জানানো হয়।
রাত পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর টাউন হলের কাছে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে খিলক্ষেতে একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরানোর খবর পাওয়া গেছে।
এছাড়া রাত সাড়ে ১০টার দিকে মগবাজার রেলক্রসিংয়ে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তবে কারা এ আগুন ধরিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ সব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দমকল বাহিনীর কর্তব্যরত কর্মকর্তা জিয়াউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনী যাওয়ার আগেই রাজউকের সামনে বাসের আগুন নিভে যায়।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বিএনপি রোববার সারাদেশে দিনব্যাপী হরতালের কর্মসূচি দিয়েছে। বিএনপির ৭ ফেব্র"য়ারির হরতালের আগের দিনও ঢাকায় নয়টি গাড়িতে আগুন দেওয়া হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩০৭ ঘ.
bdnews24