ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা-ছাত্র সংঘর্ষ বিষয়ে সংসদীয় কমিটিতে হাজিরের নির্ধারিত সময়ের আগের দিন ইমেইলে বক্তব্য পাঠিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের একান্ত সচিব নাঈমুল আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার এ কথা জানিয়েছেন।
সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ তাকে হাজিরের জন্য দেওয়া চিঠির কোনো জবাব শনিবার সন্ধ্যা পর্যন্ত দেননি।
২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা সদস্য ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপ-কমিটির বৈঠকে রোববার এ দুই জনকে হাজির হতে দু'বার তলবি চিঠি পাঠানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও উপ-কমিটির আহ্বায়ক রাশেদ খান ইতোমধ্যে জানান, তাদের বক্তব্য না পেলে ওই বিষয়ে রোববারের বৈঠকে সিদ্ধান্ত হবে।
রাত ৮টার দিকে নাঈমুল আজম জানান, শনিবার সকালে ইমেইল পাঠিয়েছেন ফখরুদ্দীন আহমদ। তার বক্তব্য কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে।
নাঈমুল বলেন, "ইমেইলে ফখরুদ্দীন জানান, বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার বিষয়ে তার (প্রধান উপদেষ্টা) পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন দেখার পরামর্শ দেন তিনি।"
গত ২৬ মে রাশেদ খান মেনন জানান, সাবেক সেনাপ্রধান বেশ অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে তার পরিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
ওই দিন তিনি বলেন, "ওই দুজন প্রথমবারও কমিটিতে আসতে পারেননি। এবারও তা হলে বিকল্প চিন্তা করতে হবে।"
আরো কয়েকজন উপ-কমিটির কাছে সাক্ষ্য দেবেন
নাঈমুল আজম জানান, রোববার বেলা সাড়ে ১২টায় তদন্ত উপ-কমিটির বৈঠক হবে।
এই কর্মকর্তা জানান, সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক সেনাপ্রধান বৈঠকে উপস্থিত হতে না পারলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, ডিজিএফআই কর্মকর্তা, র্যাব-৫-এর কর্মকর্তা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সাক্ষ্য দিতে আসবেন।
রোববারের বৈঠকে এসে বক্তব্য তুলে ধরার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩০ ঘ.
bdnews24