নড়াইল, ০৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতের নাম মিলন শেখ (৩৫)। তিনি সদর উপজেলার সিংগা শোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা।
এক পক্ষ বলছে, হামলায় মিলন নিহত হয়েছে। অন্য পক্ষের দাবি, পানিতে ডুবে যাওয়ায়ই মিলনের মৃত্যুর কারণ।
পুলিশ জানিয়েছে, নদী থেকে মিলনের লাশ উদ্ধার করা হলেও তার চোখ থেকে রক্ত বের হয়েছে।
তারাপুর গ্রামে শনিবার ভোররাত ৪টার দিকে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম হিটু এবং বর্তমান চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরের সমর্থকদের সংঘাত বাঁধে বলে পুলিশ জানিয়েছে।
হিটুর আত্মীয় মিলনের মৃত্যুর পর দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০টি বাড়ি ভাংচুর ও তিনটি মটর সাইকেলে আগুন দেওয়া হয়। আহত হয় ১৫ জন।
হিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরাজয় নিশ্চিত জেনে খায়েরের সমর্থকরা আমার আত্মীয়-স্বজন ও সমর্থকদের ওপর হামলা চালায়। তারা আমার খালাতো ভাই মিলনকে ধরে নিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।"
সকাল ৬টার দিকে চুনাখোলা গ্রামে চিত্রা নদীতে মিলনের লাশ পাওয়া যায়।
সদর থানার উপপরিদর্শক মো. রকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহত মিলনের দুই চোখ থেকে রক্ত বের হওয়ার আলামত পাওয়া গেছে।"
বর্তমান চেয়ারম্যান খায়ের বলেন, "মিলন পানিতে ডুবে মারা গেছে।"
নড়াইলের সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিলনের মৃত্যুর কারণ কী, তা এ মূহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলেই কারণ জানা যাবে।
পুলিশ কর্মকর্তা রকিব বলেন, ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান খায়রুজ্জামানের সমর্থকরা প্রতিপক্ষ সাইফুল ইসলামের সমর্থকদের অন্তত ১০টি বাড়ি ভাংচুর করেছে।
তবে খায়ের বলেছেন, বাড়ি ভাংচুরে তার সমর্থকরা জড়িত নন। তিনি উল্টো দাবি করেছেন, তার ১০ সমর্থকের বাড়িতে হামলা হয়েছে।
সহকারী পুলিশ সুপার তরিকুল জানান, সংঘাতের পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24