বগুড়া, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনটে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৪ চেয়ারম্যান প্রার্থীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি শুক্রবার রাতে এই জরিমানা করেন।
আতাউল গনি জানান, চিকাশী ইউনিয়নের জাকির হোসেন জুয়েলকে ৫ হাজার, গোসাইবাড়ি ইউনিয়নের শফিকুল ইসলামকে ১ হাজার, ধুনট সদর ইউনিয়নের রফিকুল ইসলাম শাহীনকে ৫ হাজার ও মথুরাপুর ইউনিয়নের রওশনারা জ্যোতিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, নির্বাচনী মিছিল করার অভিযোগে জাকির জুয়েল, ভটভটি শোভাযাত্রা ও মিছিল করার জন্য রফিকুল ইসলাম শাহীন, মোটর সাইকেল শোভাযাত্রা ও মিছিল করার জন্য শফিকুল ইসলাম এবং অসময়ে মাইকে নির্বাচনী প্রচারণার অভিযোগে রওশনারা জ্যোতিকে জরিমানা করা হয়।
জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৩৩ ঘ.
bdnews24