হবিগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই প্রার্থী একই সময়ে একই স্থানে উঠান বৈঠক ডাকায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কাকাইলছেও গ্রামে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত বৈঠকের স্থান ও আশপাশে এ ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজমিরীগঞ্জ থানার ওসি এনামুল হক সাংবাদিকদের বলেন, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মহিবুর রহমান সওদাগর শনিবার সন্ধ্যায় কাকাইলছেও গ্রামের বাদল সরকারের বাড়িতে উঠান বৈঠক আহ্বান করেন। পরে একই স্থানে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল হক ভূঁইয়াও সন্ধ্যায় বৈঠক ডাকেন।
এ নিয়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিতোষ হাজরা সকালে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
সোমবার আজমিরীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এ পাঁচ ইউনিয়নে ভোটার সংখ্যা ৫৭ হাজার ২১৯ জন।
দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ গত মঙ্গলবার শুরু হয়েছে। ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পর্যায়ক্রমে আগামী ৫ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬৪৩ ঘ.
bdnews24