গাজীপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের কাপাসিয়ায় জাল সার্টিফিকেট তৈরির সময় মাদ্রাসার অধ্যক্ষসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় বেসরকারি স্কুল এবং কলেজে শিক্ষক নিবন্ধনের নকল সার্টিফিকেট ও সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়।
শুক্রবার রাতে টোক বাজারে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোহাগপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম আবদুল্লাহ (৪৭), সনমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হক বাদল (৩০) ও ব্যবসায়ী স্বপন ব্যানার্জি (২২)।
কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, আবদুল্লাহ দীর্ঘদিন ধরে মাদ্রাসায় চাকরির আড়ালে দাখিল, আলিম, ফাজিলসহ বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেট নকলের ব্যবসা করে আসছেন।
তিনি ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে নকল সার্টিফিকেট বানিয়ে দেন। তার এ কাজে সহযোগিতা করে আসছেন মাদ্রাসা শিক্ষক আব্দুল হক ও ব্যবসায়ী স্বপন।
এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষ আবদুল্লাহ জানান, তিনি ষড়যন্ত্রের শিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৩৫ ঘ.
bdnews24