২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে এক জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 10:20 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

কুষ্টিয়া, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে এক জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে ইউনিয়নের ১০ নম্বর কেন্দ্র মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের চেষ্টা চালানোর অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোলযোগের কারণে কেন্দ্রটিতে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো। গুলিবিদ্ধ মনজুুর রহমান ওরফে মঞ্জুকে (৩৫) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সিএ হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম মুকুলের কর্মী রিপনের নেতৃত্বে একদল কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। ওই সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের বাধা দেয় এবং একপর্যায়ে গুলি ছোড়ে। পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে বলে জানিয়েছেন তিনি। মুকুল আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী। গোলযোগের পর কেন্দ্রটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন- বিচ্ছাদ আলি, আব্দুল বারী, মফিদুল ইসলাম, মাসুকুল হক ও মিঠুন আলি। তাদের বাড়ি প্রাগপুর গ্রামে। শনিবার দেশের ১৭২টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ চলছে। এরই একটি কুষ্টিয়ার প্রাগপুর ইউনিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬২০ ঘ.