ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী বিধি ভঙ্গ করায় ঢাকার কেরানীগঞ্জে এক চেয়ারম্যান প্রার্থীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ব্যালট ছিনতাইয়ের কারণে একটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে।
শনিবার দেশের ১৭২টি ইউনিয়নে এক যোগে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে কেরানীগঞ্জের সাতটি ইউনিয়ন রয়েছে।
ব্যালট ছিনতাই হওয়ায় হজরতপুর ইউনিয়নের লঙ্কারচর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে বলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ব্যালট ছিনতাইয়ে জড়িত থাকায় ওই কেন্দ্রে আনোয়ার হোসেন (২৫) ও রোখসানা বেগম (২৬) নামে দুজনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোহিতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মো. রতনুজ্জামানকে ছয় মাস কারাদণ্ড দিয়েছেন নির্বাচনী এলাকায় দায়িত্বরত নির্বাহী হাকিম মিজানুর রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, গুজবের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর জন্য রতনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই অপরাধে হীরা নামে এক জনকে তিন মাসের কারাদণ্ড এবং আরো দুজনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
কেরানীগঞ্জে যে সব ইউনিয়নে নির্বাচন হচ্ছে, সেগুলো হলো- হজরতপুর, কলাতিয়া, কালিন্দী, রোহিতপুর, শাক্তা, তারানগর ও জিঞ্জিরা।
ওদিকে চট্টগ্রামের উপকূলীয় দ্বীপ উপজেলা সন্দ্বীপের ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
সন্দ্বীপ থানার ওসি আলতাফ হোসেন জানান, সকাল ৬টার দিকে রহমতপুর ইউনিয়নের তালতলি বাজার এলাকায় দুই সদস্য প্রার্থী জাহাঙ্গীর ও মসিউর রহমানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
যে সব ইউনিয়নে নির্বাচন হচ্ছে, সেগুলো হলো- আমানউল্যা, আজিমপুর, বাউরিয়া, গাছুয়া, হারামিয়া, হরিশপুর, মগধরা, মাইটভাংগা, মুছাপুর, রহমতপুর, সারিকাইত ও সন্তোষপুর।
১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৪৬৮ জন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে মামুন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি দৌলতখালী গ্রামে।
এ উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
গাজীপুরে কালীগঞ্জে কেন্দ্র দখলের অভিযোগ
কালীগঞ্জের দড়ি জাঙ্গালিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা দখলে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে অন্য চেয়ারম্যান প্রার্থীরা।
তারা সাংবাদিকদের বলেন, সারোয়ার গাজীর সমর্থকরা সকাল পৌনে ১০টার দিকে ওই ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালায়।
তবে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী এ অভিযোগ নাকচ করেন।
ফেনীতে বিএনপি অভিযোগ
ফেনী সদর উপজেলা বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে তাদের ইউপি চেয়ারম্যান প্রার্থীদের ওপর সরকার দলীয় প্রার্থী ও তাদের সমর্থকরা হামলা নির্যাতন চালাচ্ছে।
শনিবার দুপুরে শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সদর উপজেলা কমিটির সভাপতি সৈয়দ মিজানুর রহমান।
তারা ফাজিলপুর, শর্শদি ও মোটবীসহ কয়েকটি ইউনিয়নে তাদের প্রার্থীদের হত্যার হুমকি দেওয়া, হয়রানি ও প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএম/আরএ/১৪৪১ ঘ.
bdnews24