গাইবান্ধা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসিব আহসান এ জরিমানা করেন।
দণ্ডিতরা হলেন- চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আঞ্জুনুর জামান বকসী এবং সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী হামিদা বেগম।
ইউএনও মো. আসিব আহসান বলেন, সকালে এসএম আঞ্জুনুর জামান বকসীর (গরুর গাড়ি) পক্ষে একটি গরুর গাড়ি রঙিন কাগজ দিয়ে সাজিয়ে শোডাউন করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী হামিদা বেগমকে (টিয়া পাখি) রঙিন ব্যাচ বুকে লাগিয়ে প্রচারনা চালানোর সময় জন্য পাঁচশ' টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৩ ঘ.
bdnews24