ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায়ের আলোকেই আওয়ামী লীগ সংবিধান সংশোধনের মতামত দিয়েছে উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আদালত যা অবৈধ করেছে তা বৈধ করার ক্ষমতা সংসদের নেই।
শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, "আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে নই। আমরা আদালতেও যাইনি। অ্যাটর্নি জেনারেলও আদালতে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তার বক্তব্য রেখেছেন।"
তারপরও সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যে রায় দিয়েছে, তাকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ওই রায়ে সন্তেুাষ প্রকাশ করেছে উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, "আদালতের রায়ের আলোকেই সংবিধান সংশোধনের জন্য দলীয় মতামত দেওয়া হয়েছে। আমরা মনে করি, আদালতের রায়ের বিকল্প কিছু নেই। আদালত যা অবৈধ করেছে তা বৈধ করার ক্ষমতা সংসদের নেই।"
এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উচ্চ আদালতের রায় উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা সম্ভব নয়।
তার ওই বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি বলেছে, তত্ত্বাবধায়কের অধীনে না হলে আগামী নির্বাচনে যাবে না তারা। এই ব্যবস্থা বহাল রাখার দাবিতে রোববার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
এ প্রসঙ্গে আশরাফ বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বিরোধীদল এখনো আলোচনায় আসতে পারে।
"কিন্তু, আদালতের রায় মেনেই তাদের আলোচনায় আসতে হবে। উচ্চ আদালতের রায়ের বাইরে সরকারের করার কিছু নেই। রায় মেনেই কথা বলতে হবে।"
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সংবিধান সংশোধন। এছাড়া ৭ জুন ছয় দফা দিবস এবং ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিও চূড়ান্ত করা হয় এই বৈঠকে।
সৈয়দ আশরাফ বলেন, "সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে। তবে, সংবিধান সংশোধন নিয়ে আমাদের দলের মধ্যে এটাই প্রথম বৈঠক।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখতে বিরোধী দলের দাবির বিষয়ে আশরাফ বলেন, "তারা যে দাবি করেছে, তাতে তারাই বিশ্বাস করে না। তারা তত্ত্বাবধায়ক সরকার, শক্তিশালী নির্বাচন কমিশন এবং ইলেকট্রনিং ভোটিংয়ে বিশ্বাস করে না। কারণ, তারা জানে তাদের জনপ্রিয়তা নেই। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়।"
এই মন্ত্রী বলেন, "আওয়ামী লীগ কখনোই চাপের মুখে মাথা নত করেনি। আওয়ামী লীগ কোনো সিদ্ধান্ত নিলে বাস্তবায়ন না করে ঘরে ওঠে না। আগামীতেও উঠবে না।"
"আমরা আদালতের রায়কে সাংবিধানিক রূপ দিতেই কাজ করে যাচ্ছি," যোগ করেন আশরাফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২০৬ ঘ.
bdnews24