২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে নির্বাচনী সংঘর্ষ: আহত ১০, গ্রেপ্তার ২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুইটি ইউনিয়নে বৃহস্পতিবার রাতে নির্বাচনী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

লালমনিরহাট, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুইটি ইউনিয়নে বৃহস্পতিবার রাতে নির্বাচনী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে রয়েছেন জগতবেড় ইউনিয়নে পাঁচজন এবং বুড়িমারীতে পাঁচজন। এর জেরে জগতবেড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মিলন (৩৮) ও বুড়িমারী ইউনিয়নের রবিউল ইসলাম বাবু (২৪) নামের দু'জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয়দের বরাত দিয়ে পাটগ্রাম থানার ওসি মুরশিদুল করিম ইসতেশাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জগতবেড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী নবিবর রহমান ও মোখলেছার রহমানের সমর্থকদের সংঘর্ষে নবিবর রহমানের ছেলে রুবেল হোসেন (৩২), ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহন (২৫), হবিজুল মেম্বার, মোজাম্মেলসহ পাঁচজন আহত হন। আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই রাতে বুড়িমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী রফিকুল ইসলাম ও প্রতিদ্বন্দ্বী কমর উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন। আহতদের নাম জানা য়ায়নি। এরমধ্যে দুইজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ওসি আরো বলেন, জগতবেড় ইউনিয়নের ঘটনায় বৃহস্পতিবার রাতেই চেয়ারম্যান পদপ্রার্থী নবিবর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুইজনকে জেল হাজতে পাঠানো হয়েছে । শনিবার লালমানিহাটের পাটগ্রাম উপজেলার আট ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩২ ঘ.