চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরি হওয়ার ২০ দিন পর চট্টগ্রামের বোয়ালখালী থেকে বিপুল পরিমাণ রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে পুলিশ।
বিদেশে রপ্তানির জন্য কভার্ড ভ্যানে করে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসার পথে গত ১৩ মে প্রায় অর্ধকোটি টাকা মূল্যমানের এসব পণ্য চুরি হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর কালুরঘাট ও বোয়ালখালীর গোমদণ্ডী এলাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- নূরুন্নবী মোল্লা ওরফে কালু (২৮) ও মো. রাজিব ওরফে ফারুক (২২)। ফারুক পণ্যবহনকারী কভার্ড ভ্যানের সহকারী।
শুক্রবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাছান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরদিন কক্সবাজারের কলাতলী এলাকা থেকে চালকসহ কভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ির ভেতরে চাললকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
খোয়া যাওয়া পণ্যের মালিক ঢাকার মিরপুর এলাকার মেসার্স ইপিলিয়ন নিটওয়্যার লিমিটেড।
পুলিশ কর্মকর্তা হাছান জানান, এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় পণ্যের মালিক একটি মামলা করেন। পরে দুই জনকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বোয়ালখালীর গোমদণ্ডী এলাকার একটি বাড়ি থেকে চুরি যাওয়া পণ্য উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত পণ্যের মূল্য অর্ধকোটি টাকার বেশি হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৫৫১ ঘ.
bdnews24