ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এফবিসিসিআই বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে স্বাধীন-শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন বিষয়ে ব্যবসায়ীদের দাবির প্রতি আরো ৭২টি ব্যবসায় সংগঠন সমর্থন দিয়েছে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ কথা জানানো হয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তে স্বাধীন নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে সব পক্ষকে ঐকমত্যে পৌঁছাতে বুধবার এক বিবৃতিতে আহ্বান জানায় এফবিসিসিআইসহ ২৮টি ব্যবসায়ী সংগঠন।
এফবিসিসিআই'র বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'তত্ত্বাবধায়ক সরকার নয়- একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন সরকার গঠনের লক্ষ্যে একমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান'- এ নিয়ে এফবিসিসিআইসহ নেতৃস্থানীয় বাণিজ্য সংগঠন বিবৃতি দেয় বুধবার।
ওই বিবৃতিতে দেশের আরো ৩৮টি চেম্বার ও ৩৪টি অ্যাসোসিয়েশন সমর্থন দিয়েছে বলে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে জানায় এফবিসিসিআই।
'দেশ সংকটে নিপতিত হবে'
সমিতির বুধবারের বিবৃতিতে বলা হয়, 'সুষ্ঠু গণতান্ত্রিক সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হলে দেশে সাংবিধানিক সংকট দেখা দেবে এবং দেশ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিপতিত হবে।'
সে ক্ষেত্রে দেশের সার্বিক অর্থনীতি বিপর্যস্ত হবে এবং দেশি ও বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, সর্বশেষ অবসর গ্রহণকারী প্রধান বিচারপতির (এবিএম খায়রুল হক) নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে প্রধান বিরোধী দল বিএনপি এরই মধ্যে আপত্তি তুলেছে- এ কথা উল্লেখ করে ব্যবসায়ী নেতাদের বুধবারের বিবৃতিতে বলা হয়, [এর] ফলে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার ক্ষেত্রেও অচলাবস্থার সৃষ্টি হতে পারে।
'এ অবস্থায়, একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠানই একমাত্র সংবিধানসম্মত ব্যবস্থা। এটি একদিকে জনগণের নির্বাচিত সরকার গঠনের স্বাধীনতা নিশ্চিত করবে, অন্যদিকে ধারাবাহিকভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠনের প্রক্রিয়াকে একটি স্থায়ী ও শক্তিশালী ভিত্তি দেবে।'
প্রধানমন্ত্রী শেষ হাসিনা ইতোমধ্যে বলেছেন, আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার আর কোনো সুযোগ নেই। আগামী নির্বাচন সংসদীয় গণতন্ত্রের নিয়মেই হবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিক জামায়াতে ইসলামী সরকারের এই বক্তব্য প্রত্যাখ্যান করে আগামী ৫ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
বিএনপি বলেছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হলে তারা নির্বাচনে অংশ নেবে না। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের অধীনে তত্ত্বাবধায়ক সরকার হলেও তা মেনে নেবে না বলে জানিয়েছে দলটি।
ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করার আহ্বান
দেশের সাড়ে তিন কোটি ব্যবসায়ীকে এফবিসিসিআই'র নেতৃত্বে হরতালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে এফবিসিসিআই সভাপতি একে আজাদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সাবেক সহসভাপতি আবুল কাশেম আহমেদ।
বৃহস্পতিবার সকালে এফবিসিসিআই মিলনায়তনে আয়োজিত 'পাট ও বস্ত্র খাতের সমস্যা ও সম্ভাবনা : বাংলাদেশ প্রেক্ষিত' শিরোনামের এক সেমিনারে আবুল কাশেম বলেন, "আমরা ব্যবসায়ীরা এক জাত। আমরা হরতালকে কখনও সমর্থন করব না। হরতালে যে ১০ থেকে ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয় তার সিংহভাগ ক্ষতি হয় ব্যবসায়ীদের।"
এ সময় উপস্থিত অন্য ব্যবসায়ী নেতারা তাকে সমর্থন জানান।
সেমিনারে প্রধান অতিথির বক্ত্যবে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, "হরতাল রাজনৈতিক অধিকারের সর্বোচ্চ অধিকার। আমি বর্তমানে ও ভবিষ্যতে হরতালকে সমর্থন করি। কিন্তু জনস্বার্থে হরতালের যৌক্তিকতা থাকতে হবে।"
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা পাট ও বস্ত্র শিল্পের বিকাশে এই খাতের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং দ্রুত পাট নীতি-২০১১ বাস্তবায়নের দাবি জানান।
এছাড়া শিল্প ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান এবং পাট ও বস্ত্র শিল্পের ক্ষেত্রে ব্যাংক ঋণে সুদের হার কমানোর দাবি জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২৩০১ ঘ.
bdnews24