২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

বাগেরহাট, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঘাঘরামারি ক্যাম্প এলাকার অফিস খালে এই ঘটনা ঘটে বলে বন কর্তৃপক্ষ জানিয়েছে। নিহত টুকু ফরাজী (৩০) ঘাঘরামারি স্টেশন এলাকার খুলনার দাকোপ উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টুকু ফরাজী কোনো অনুমতি ছাড়াই বৃহস্পতিবার বেলা ১২টার দিকে একা একা ঘাঘরামারি ক্যাম্পের অফিস খালের মাথায় মাছ ধরতে যান। কিন্তু দুপুরের পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে এবং বনকর্মীদের খবর দেয়। বিকেল ৫টার দিকে বনকর্মী ও টুকুর স্বজনরা অফিস খালের এক স্থানে চরের কাদায় মানুষ টেনে নেয়ার চিহ্ন দেখতে পান। তারা সেই চিহ্ন অনুসরণ করে বনের একটু ভেতর গিয়ে টুকুর ক্ষত-বিক্ষত লাশ দেখতে পান। মিহির কুমার দো জানান, টুকুর বনে প্রবেশের কোনো বৈধ কাগজ-পত্র না থাকায় তার পরিবার সরকার ঘোষিত এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে না। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বন কর্মকর্তা। গত ২৫ মে এই স্টেশনের চরের খালে মাছ ধরতে গিয়ে হেমায়েত শেখ (৩২) নামের আরেক জেলে বাঘের আক্রমণে নিহত হয়। তারও বনে প্রবেশের কোনো অনুমতিপত্র ছিলো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৩৫ ঘ.