২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি তেল-গ্যাস রক্ষা কমিটির

বঙ্গোপসাগরে দুটি ব্লকে বহুজাতিক কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে তেল-গ্যাস উত্তোলন চুক্তির অনুমোদন বাতিলের দাবিতে আগামী ১৪ জুন জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে দুটি ব্লকে বহুজাতিক কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে তেল-গ্যাস উত্তোলন চুক্তির অনুমোদন বাতিলের দাবিতে আগামী ১৪ জুন জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে এক আলোচনা সভায় নাগরিক এ কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ এ কর্মসূচি ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাকট-পিএসসি) চুক্তি গত ২৩ মে অনুমোদন করে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় করা মডেল পিএসসির আলোকে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ২০০৮ সালে বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস উত্তোলনের জন্য নির্বাচিত হয় কনোকো-ফিলিপস। তেল-গ্যাস রক্ষা কমিটির দাবি, ওই মডেল পিএসসিতে দেশের স্বার্থকে 'জলাঞ্জলি' দেওয়া হয়েছে। অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মডেল পিএসসি ২০০৮ এ বলা হয়েছে, বাংলাদেশ সর্বোচ্চ শতকরা ২০ ভাগ গ্যাস পাবে আর শতকরা ৮০ ভাগ নির্দিষ্ট দরে কেনার অধিকার পাবে। "এ গ্যাস আমাদের দেওয়া হবে ১৫০ মাইল দূরে সমুদ্রের কূপে। সেখান থেকে উপকূলে গ্যাস পরিবহন করার জন্য বিদেশি কোম্পানির কোনো বাধ্যবাধকতা নেই। আবার বাংলাদেশের জন্য এই গ্যাস পরিবহন আর্থিক ও কারিগরি সামর্থ্যরে দিক থেকে অলাভজনক। ফলে তা রপ্তানির সুযোগই করে দেওয়া হবে", বলেন তিনি। তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "রপ্তানিমুখী মডেল উৎপাদন-বণ্টন চুক্তি (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাকট-পিএসসি) ২০০৮ এর আওতায় এ চুক্তি দেশের জন্য আত্মঘাতী।" "সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর আন্দোলন করা হবে", বলেন তিনি। বাংলাদেশে মোট ৫২টি গ্যাস ব্লক রয়েছে। এর মধ্যে ২৮টি সাগরে। জাতীয় কমিটি আয়োজিত এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন কমিটির সদস্য ম ইনামুল হক, নূর মোহাম্মদ, প্রকৌশলী বিডি রহমতউল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪০০ ঘ.