ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া প্যাসিফিক অঞ্চলের শান্তি-নিরাপত্তা বিষয়ে শনিবার রাজধানীতে দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে।
এশিয়া প্যাসিফিক পিস কনফারেন্স নামের এ সম্মেলনে অঞ্চলের ১২টি দেশের প্রতিনিধি অংশ নেবেন বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ পিস কাউন্সিলের সভাপতি ও সাংসদ আব্দুর রাজ্জাক।
তিনি জানান, দুই দিনের সম্মেলনে ঢাকা ঘোষণা গৃহীত হবে। সম্মেলনে ছয় অধিবেশনে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
সম্মেলনে যেসব দেশের প্রতিনিধিরা অংশ নেবেন সেগুলো হলো- অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রিলঙ্কা, প্যালেস্টাইন, গ্রিস, ব্রাজিল, চায়না, উত্তর কোরিয়া ও ভিয়েতনাম।
সম্মেলনে টেকসই শান্তি ও উন্নয়নের জন্য নতুন বিশ্ব ব্যবস্থা, সংঘর্ষপূর্ণ অঞ্চলে শান্তি পুনর্স্থাপন এবং মৌলবাদ ও সন্ত্রাসবাদ নিমূর্লে প্রয়োজনীয় উদ্যোগ বিষয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করার কথা। সমাপনীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের উপস্থিত থাকার কথাও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২২৫৮ ঘ.
bdnews24