ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর কম)- কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন করে ২০১২ সালের মধ্যে রাজধানীর ট্যানারি কারখানাগুলোকে সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
বিকাল সোয়া ৫টার পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলে।
তারানা হালিমের প্রশ্নের লিখিত জবাবে হাছান মাহমুদ জানান, হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোর তরল ও কঠিন বর্জ্যে বুড়িগঙ্গা নদী ও আশেপাশের এলাকার পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। এর সমাধানের জন্য সরকার বেশ কিছু ব্যবস্থা নিয়েছে।
হাজারীবাগের কারখানাগুলোকে ঢাকার বাইরে সরিয়ে নিতে পরিবেশ অধিদপ্তরকে ইতোমধ্যে চূড়ান্ত নোটিশ (৩য় নোটিশ) দেওয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
হাজারীবাগের ১৯৪টি ট্যানারির মধ্যে ১৫৪টি সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের এই প্রকল্প বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির ল্পি কর্পোরেশনের অধীনে বাস্তবায়িত হচ্ছে।
৫ বিলিয়ন টাকার এই প্রকল্প ২০০৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের দরপত্র নিয়ে জটিলতায় তা প্রথম দফায় ২০১০ পর্যন্ত এবং ট্যানারি মালিকদের ক্ষতিপূরণের দাবির কারণে এই সময়সীমা ২০১২ সাল পর্যন্ত বাড়ানো হয়।
২০০৯ সালের জুনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক রিট আবেদনে হাইকোর্ট হাজারীবাগের সব ট্যানারি কারখানা সাভারে স্থানান্তরের জন্য ২০১০ এর ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু সেই সময়ও দুই দফায় ৬ মাস করে বাড়ানো হয়।
বাংলাদেশ ট্যানারি মালিক সমিতির (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কারখানা সরিয়ে নিতে প্রস্তুত।
বিসিকের তথ্য অনুযায়ী, সিইটিপি বাদে সাভারের চামড়া শিল্পনগরীর সব অবকাঠামগত উন্নয়ন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
৪৮২ কোটি টাকার ফসল ইঁদুরের পেটে
সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, গত অর্থ বছরে (২০০৯-১০) সারাদেশে ৪৮১ কোটি ৫০ লাখ টাকার ধান, গম ও চাল নষ্ট করেছে ইঁদুর।
এর মধ্যে ধানের ক্ষতির পরিমাণ ২ লাখ ৫০ হাজার টন। বাজার দরে এক টন ধানের মূল্য সাড়ে ১৭ হাজার টাকা হিসেবে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৪৩৭ কোটি ৫০ লাখ টাকা। আর গমে ক্ষতির পরিমাণ ২০ হাজার টন। প্রতি টন ২২ হাজার টাকা হিসেবে এই ক্ষতির পরিমাণ ৪৪ কোটি টাকা।
চরে ভূমিহীনদের পুনর্বাসন পরিকল্পনা
এ বি এম আবুল কাসেমের প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রী রেজাউল হীরা জানান, দেশের সমুদ্রগর্ভে জেগে উঠা হাজার হাজার একর চর বাসযোগ্য করে দেশের ভূমিহীনদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/২০০৫ ঘ.
bdnews24