২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজম খানকে সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত পরিবারের

ক্যান্সার আক্রান্ত আজম খানকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সার আক্রান্ত আজম খানকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। আজম খানের চিকিৎসা তত্ত্বাবধানের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকের পর বুধবার বিকেলে তার পরিবারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর ও টেলিভিশন উপস্থাপক হানিফ সংকেতও এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মেডিকেল বোর্ডের সদস্য কামরুজ্জামান চৌধুরী। তিনি জানান, পপগুরু আজম খানকে বুধবার রাতে কোনো এক সময় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। গত শুক্রবার থেকে তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান বলেন, "তার ক্যান্সার এমন পর্যায়ে পৌঁছেছে যে, চিকিৎসকদের পক্ষে এখন আর তেমন কিছু করার নেই। আমরা শুধু তার কষ্ট লাঘবের চেষ্টা করতে পারি।" স্কয়ার হাসপাতালের এই চিকিৎসক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, চেস্ট রেডিওগ্রাফে দেখা গেছে, আজম খানের দুই ফুসফুসের ৭৫ শতাংশেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে। এই পর্যায় থেকে আবার সুস্থ্য হয়ে ওঠা খুব কঠিন। অসুস্থ এই শিল্পীকে দেখতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্কয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। আজম খানের মেয়ে ইমা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরের পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। আর রাষ্ট্রপতিও তাতে সাড়া দিয়েছেন। শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়ায় গত শুক্রবার আজম খানের অবস্থার অবনতি ঘটে। সে দিন থেকেই স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে বাংলাদেশে পপ সঙ্গীতের এই অগ্রপথিককে। ব্যান্ড দল উচ্চারণ গড়ার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশকারী আজম খানের মুখগহ্বরের ২০১০ সালে ক্যান্সার ধরা পড়ে। এ জন্য দুবার তাকে সিঙ্গাপুরে নিয়েও চিকিৎসা করানো হয়। তবে গত নভেম্বরে সিঙ্গাপুরে শেষ বারের চিকিৎসা সম্পূর্ণ না করেই আজম খান ফিরে আসেন বলে ডা. কামরুজ্জামান জানান। ১৯৫০ সালের ২৮ ফেব্র"য়ারি ঢাকার আজিমপুরে জন্ম নেওয়া মাহবুবুল হক খান সঙ্গীতাঙ্গনে পরিচিত হয়ে ওঠেন আজম খান নামে। ২১ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এ সঙ্গীত শিল্পী স্বাধীনতা পরবর্তী সময়ে গঠন করেন ব্যান্ড দল 'উচ্চারণ'। বাংলাদেশ টেলিভিশনে তার প্রথম কনসার্ট প্রচারিত হয় ১৯৭২ সালে। ১৯৭৪-৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনে 'রেললাইনের ওই বস্তিতে' গেয়ে স্থান করে নেন বাংলার মানুষর হৃদয়ে। বাংলাদেশে পপ সঙ্গীতের জনপ্রিয়তা আজম খানের হাত ধরেই। দেশে এ জগতে কিংবদন্তী মনে করা হয় তাকে। আজম খানের কণ্ঠে 'ওরে সালেকা, ওরো মালেকা', 'আলাল ও দুলাল', 'অনামিকা', 'অভিমানী, 'আসি আসি বলে' গানগুলো এখনো ফেরে মানুষের মুখে মুখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/জেকে/১৯১৫ ঘ.