২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় বর্জ্য নিষ্কাশন লাইন বন্ধের নির্দেশ

এক বছরের মধ্যে বুড়িগঙ্গা নদীতে সংযোগকৃত সব পয়ঃপ্রণালী এবং শিল্প কারখানার বর্জ্য নিষ্কাশন লাইন বন্ধ করতে ওয়াসা চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরের মধ্যে বুড়িগঙ্গা নদীতে সংযোগকৃত সব পয়ঃপ্রণালী এবং শিল্প কারখানার বর্জ্য নিষ্কাশন লাইন বন্ধ করতে ওয়াসা চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ নির্দেশ দেয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআইডব্লিউটিএ'র পরিচালক (বন্দর ও ট্রাফিক), কোতোয়ালি, হাজারিবাগ, লালবাগ, ডেমরা ও কামরাঙ্গিরচর থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের প্রতি মাসে এ বিষয়ে একটি অগ্রগতির প্রতিবেদন দেওয়ার পাশাপাশি আরো কয়েকটি নির্দেশনা দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছে বুড়িগঙ্গায় যাতে কেউ কোনো বর্জ্য ফেলতে না পারে সে ব্যবস্থা নেওয়া। বর্জ্য ফেলা রোধে নদীর দুই পাড়ে প্রতিমাসে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে ঢাকা সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিশেষ দলের মাধ্যমে প্রতিদিন নদী তীরের বর্জ্য অপসারণ করতে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সিটি কর্পোরেশনের গাড়ি বা ভ্যানের মাধ্যমে নদীর তীরে ময়লা ফেলার ওপরও নিষেজ্ঞাধা জারি করা হয়েছে। আদালতের নির্দেশনা সম্পর্কে জনগণকে জানাতে নদীর তীরবর্তী এলাকায় পর্যাপ্ত সংখ্যক সাইন বোর্ড ও প্লাকার্ড স্থাপন করতেও সিটি কর্পোরেশনকে বলা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর করা এক রিট আবেদনে গত বছরের ৪ মে রুল দিয়েছিলো হাইকোর্ট। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন ব্যরিস্টার তোফায়েলুর রহমান। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, "বিভিন্ন বর্জ্য ও পয়ঃনিষ্কাশন লাইন বুড়িগঙ্গায় দেওয়ার ফলে পানিতে ময়লা ও কেমিক্যাল মিশে জনস্বাস্থ্যের প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করছে। ওই পানি সায়েদাবাদ ট্রিটমেন্ট প্লান্টও পরিশোধন করতে পারছে না। এরপরও ওয়াসা ওই পানি ঢাকায় সরবরাহ করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/১৮০৬ ঘ.