ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবীর সঙ্গে অসদাচরণের অভিযোগে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) মো. সালাহউদ্দিনকে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখলেন ঢাকার এক দায়রা জজ।
বুধবার আদালত চলাকালে ঢাকার মহানগর তৃতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আকতারুজ্জামান তাকে দাঁড় করিয়ে রাখেন।
পরে বিচারকের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে অতিরিক্ত শাস্তির হাত থেকে প্রাথমিকভাবে তিনি রেহাই পান।
এজলাসে উপস্থিত প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিবেদক দেখতে পান, মিরপুরের মুক্তা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় আসামি পক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন ওই পুলিশ কর্মকর্তাকে জেরা করছিলেন।
কিন্তু জেরার একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা উত্তেজিত হয়ে আইনজীবীর সঙ্গে তুমুল তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আইনজীবীর সঙ্গে অশালীন আচরণ করেন।
বিষয়টি বিচারকের নজরে আসলে শাস্তিস্বরূপ ওই পুলিশ কর্মকর্তাকে তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন।
অনুসন্ধানে জানা গেছে, সালাহউদ্দিন ১৯৯৫ সালে মিরপুর থানার উপ-পরিদর্শক থাকাকালে ওই মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৭৩৮ ঘ.
bdnews24